ছেলেদের এককের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রাজা হলেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। গতকাল রোববার ১৯ বছর বয়সী আলকারাজ তার প্রতিদ্বন্দ্বী রুডকে ৬–৪, ২–৬, ৭–৬ (৭–১), ৬–৩ গেমে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম শিরোপার দেখা পান।

এর মধ্য দিয়ে সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে র‌্যাংকিংয়ের শীর্ষেও উঠলেন আলকারাজ। এটিপি র‌্যাংকিংয়ের ৪৯ বছরের ইতিহাসে প্রথম ‘টিনএজ’ হিসেবে শীর্ষে ওঠার কীর্তি গড়লেন আলকারাজ।

জয়ের পর তিনি বলেন, এ মুহূর্তটা উপভোগ করছি। হাতে শিরোপা নিয়ে ভালোই লাগছে। তবে আমি আরো শিরোপা জিততে চাই।

এর আগে ২০০৫ সালে ফ্রেঞ্চ ওপেন ১৯ বছর বয়সে জিতেছিলেন রাফায়েল নাদাল। এদিকে আলকারাজের আদর্শও স্প্যানিশ তারকা নাদাল। ১৭ বছর আগে নাদালের সেই কীর্তির পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের নজির গড়লেন আলকারাজ।

ইউএস ওপেনে এর আগে শেষবার ১৯ বছর বয়সে শিরোপা জিততে দেখা গিয়েছিল পিট সাম্প্রাসকে। ১৯৯০ সালে ইউএস ওপেন জেতেন তিনি।

মিয়ামি, মাদ্রিদ, রিও এবং বার্সেলোনায় মাস্টার্স জয়ের পর এ বছর ইউএস ওপেন দিয়ে পঞ্চম ট্রফি জিতলেন আলকারাজ। এর আগে মাদ্রিদ মাস্টার্সে কাদামাটির কোর্টে নাদাল ও নোভাক জোকোভিচকে হারিয়ে আলোচনায় উঠে এসেছিলেন তিনি।