আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তবে, আরো কিছুদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন তিনি। এ তথ্য জানা গেছে দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম থেকে।
ডনের খবরে বলা হয়েছে, ২০১৮ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। সীমিত ওভারের ক্রিকেটেই ছিল তার পূর্ণ মনোযোগ। ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে দল থেকে বাদ পড়েন। অবশ্য, টি-টোয়েন্টিতে খেলেছেন নিয়মিত। বয়সের কারণে টি-টোয়েন্টি দলে রাখা নিয়েও বিভিন্ন সময়ে নানা কথা উঠলেও হাফিজের ফর্ম বরাবরই তার পক্ষে কথা বলেছে।
২০০৩ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোহাম্মদ হাফিজের। ৪১ বছর বয়সী হাফিজ ১৮ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে খেলেছেন ৩৯২টি আন্তর্জাতিক ম্যাচ। এর মধ্যে টেস্ট খেলেছেন ৫৫টি, ওয়ানডে ২১৮টি ও টি-টোয়েন্টি খেলেছেন ১১৯টি। করেছেন ১২ হাজার ৭৮৯ রান। বল হাতে শিকার করেছেন ২৫৩ উইকেট।
তিনটি ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। ছিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্যও। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপাও জিতেছেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে করেছিলেন ঝড়ো ফিফটি।
হাফিজ পাকিস্তানের হয়ে সর্বশেষ খেলেছেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে হেরে বিদায় নেয়ার পর আসেননি বাংলাদেশ সফরে। তখন জানিয়েছিলেন, তরুণদের সুযোগ দেয়ার জন্যই বাংলাদেশের বিপক্ষে খেলবেন না। শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্তই আসল হাফিজের পক্ষ থেকে। জাতীয় দলে জার্সিতে আর দেখা যাবে না প্রফেসরকে।
আন্তর্জাতিক ক্রিকেটকে হাফিজের বিদায়
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তবে, আরো কিছুদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন তিনি। এ তথ্য জানা গেছে দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম থেকে।










