ঘরের মাঠে শুরুতে গোল করে পিএসজিকে চমকে দিয়েছিল ইসরায়েলী ক্লাব ম্যাকাবি হাইফা। তবে ঘুরে দাঁড়াতে দেরি করেনি ক্রিস্টোফে গাল্টিয়ারের শিষ্যরা। একই ম্যাচে জ্বলে উঠলেন মেসি, নেইমার ও এমবাপ্পে। এমএনএম ত্রয়ীর একটি করে গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে প্যারিসের ক্লাবটি। গতকাল বুধবার দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যাকাবি হাইফাকে ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা।

এদিন গোল করে দুটি নতুন রেকর্ড গড়েছেন মেসি। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৮ মৌসুম গোল করার কৃতিত্ব দেখালেন তিনি। আরেকটি রেকর্ডে ৩৫ বছর বয়সী খেলোয়াড়টি ছাড়িয়ে যান ক্রিস্টিয়ানো রোনালদোকে। ম্যাকাবিকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে মোট ৩৯টি দলের বিপক্ষে গোল করলেন আর্জেন্টাইন অধিনায়ক, ৩৮ দলের বিপক্ষে গোল করে আগের রেকর্ডটি গড়েছিলেন রোনালদো।  

এ নিয়ে ‘এইচ’ গ্রুপে টানা দ্বিতীয় জয় পেলে প্যারিসিয়ানরা। দুই জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। এদিকে গ্রুপের আরেক ম্যাচে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে বেনফিকা। পর্তুগালের ক্লাবটি দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পিএসজি থেকে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে অবস্থান করছে।

প্রতিপক্ষের মাঠে জয়টা খুব সহজ ছিল না পিএসজির। চোখ রাঙানি দিয়ে ম্যাচ ২৪ মিনিটে তিয়ারন চেরির গোলে এগিয়ে যায় ম্যাকাবি হাইফা। ৩৭ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান লিওনেল মেসি। বাম প্রান্ত দিয়ে এমবাপ্পের প্রায় বাই লাইন থেকে ক্রসে এক ডিফেন্ডারের পায়ে লেগে বল পেয়ে যান মেসি। ৬ গজ দূর থেকে দারুণ এক কিকে বল জালে জড়ান আর্জেন্টাইন স্ট্রাইকার।

১-১ সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে দেন এমবাপ্পে ও নেইমার। ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। মেসির থ্রু থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ফরাসি স্ট্রাইকার। ৮৮ মিনিটে ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির পাস থেকে দলের তৃতীয় ও শেষ গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার।

এছাড়াও দিনের অন্য ম্যাচগুলোয় রিয়াল মাদ্রিদ ২-০ গোলে আরবি লাইপজিগকে, ম্যানচেস্টার সিটি ২-১ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে এবং বায়ার লেভারকুসেন ২-১ গোলে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারায়। ১-১ গোলে ড্র হয়েছে চেলসি-সালসবুর্গ ম্যাচটি