হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ
জয় করা যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলসের সামনে আজ ‘ডাবল’ জয়ের সুযোগ। বাংলাদেশ সময় রাত
১২টা ৩০ মিনিটে ২০০ মিটারের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে নয়জনের মধ্যে রয়েছেন লাইলসও।
জ্যামাইকান গ্রেট উসাউন বোল্ট ১০০ মিটারের মতো ২০০ মিটার
স্প্রিন্টেরও গ্রেট। তিনি অলিম্পিক রেকর্ড ও বিশ্বরেকর্ডধারী। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে
১৯.৩০ সেকেন্ড টাইমিং করে রেকর্ড গড়েন। পরের বছর বার্লিন বিশ্বচ্যাম্পিয়নশিপে ১৯.১৯
সেকেন্ড টাইমিং করে আরেকবার ইতিহাস গড়ে স্বর্ণ জয় করেন। আজ লাইলস কি পারবেন বোল্টের
রেকর্ড ভেঙে দিতে? আমেরিকান স্প্রিন্টারের অবশ্য ২০০ মিটারে সেরা টাইমিং ১৯.৩১ সেকেন্ড
এবং চলতি মৌসুমে তার সেরা টাইমিং ১৯.৫৩ সেকেন্ড।
আজ ফাইনালে নোয়াহ ছাড়াও স্বর্ণের আশায় দৌড়াবেন যুক্তরাষ্ট্রের
নাইটন এরিওন ও বেদনারেক কেনেথ। ১০০ মিটারের পর ২০০ মিটারেও জ্যামাইকার পদক জয়ের সুযোগ
শেষ। ফাইনালে কোনো জ্যামাইকান নেই। বরং জিম্বাবুয়ের দুজন, ডমিনিকান রিপাবলিকের একজন,
বতসোয়ানার একজন ও লাইবেরিয়ার একজন প্রতিযোগী রয়েছেন।
আজ সন্ধ্যা ৬টায় ছেলেদের হকির ব্রোঞ্জ ম্যাচ, রাত ৯টায়
ছেলেদের ফুটবলের ব্রোঞ্জ ম্যাচ, রাত ১১টায় ছেলেদের হকির ফাইনাল, ১২টায় মেয়েদের লং জাম্প
ফাইনাল, ১২টা ২৫ মিনিটে ছেলেদের বর্ষা নিক্ষেপ ফাইনাল, ১টা ২৫ মিনিটে মেয়েদের ৪০০ মিটার
হার্ডলস ফাইনাল, ১টা ৪৫ মিনিটে ছেলেদের ১১০ মিটার হার্ডলস ফাইনাল।










