মিসরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহকে নিয়ে গুঞ্জনটা চলছে বেশ কিছুদিন হলো। তবে লিভারপুল সব সময়ই বলে এসেছে, খেলোয়াড়টিকে তারা বিক্রি করতে চায় না। আজ শুক্রবার জানা গেল, সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদের ১৫ কোটি পাউন্ডের (২ হাজার ৬৩ কোটি টাকা) লোভনীয় প্রস্তাবেও রাজি হয়নি অল রেডরা।

 

মূল প্রস্তাবটি ১০ কোটি পাউন্ডের। এরপর অ্যাডস-অন মিলে তা গিয়ে দাঁড়াবে ১৫ কোটি পাউন্ডে। কিন্তু কোনো অঙ্কেই ৩১ বছর বয়সী খেলোয়াড়কে বিক্রি করবে না ইংলিশ জায়ান্টরা।

 

মিসর জাতীয় দলের তারকা সালাহ ২০১৭ সালে ইতালির রোমা থেকে লিভারপুলে নাম লেখান। তার সময়ে লিভারপুল ইউরোপের অন্যতম সেরা ক্লাব হয়ে ওঠে। ফিরে পায় হারানো গৌরব। গত গ্রীষ্মে তার সঙ্গে তিন বছরের জন্য চুক্তি নবায়ন করে ক্লাবটি।

 

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লোপ গত সপ্তাহে জানান, সালাহ ক্লাবের প্রতি শতভাগ অঙ্গীকারাবদ্ধ। আজ তিনি সে কথা পুনর্ব্যক্ত করে জানান, খেলোয়াড়টিকে বিক্রি করা হবে না। জার্মান কোচের কথায়, ‘আমার অবস্থানের পরিবর্তন হয়নি। তা নিয়ে কোনো সংশয়ও নেই। এ নিয়ে আর কিছু বলার নেই।’

 

এ নিয়ে সিদ্ধান্ত নেয়ার খুব কম সময় পেয়েছিল লিভারপুল। কেননা আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) ইংল্যান্ডের সময় রাত ১১টায় প্রিমিয়ার লিগের দলবদল শেষ হয়ে যাবে। তবে অল্প সময় পেলেও নিজেদের আগের সিদ্ধান্তে অটল থাকল ক্লাবটি।

 

আল ইত্তিহাদ অবশ্য খেলোয়াড় সই করানোর আরো সময় পাবে। সৌদি আরবে দলবদল শেষ হবে ৭ সেপ্টেম্বর। সালাহর এজেন্ট রামি আব্বাস ইসা সম্প্রতি সৌদি আরবে নাম লেখানোর গুঞ্জনকে নাকচ করে দেন। তিনি এও বলেন, সৌদি আরবে গেলে তো খেলোয়াড়টি চুক্তি নবায়ন করতেন না।

 

লিভারপুলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় সালাহ ক্লাবটির হয়ে ৩০৮ ম্যাচ খেলে ১৮৭ গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন আরো ৭৬ গোলে। অ্যানফিল্ডে আসার পর তিনি চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন। তিনি তিনবার প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছেন কিংবা ভাগাভাগি করেছেন। আর পিএফএ বর্ষসেরা হয়েছেন দুবার।

 

এ বছর সৌদি আরবের ক্লাবে নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, সাদিও মানে, নেইমার। পিএসজি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের জন্য ২৫৯ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েও রাজি করাতে পারেনি আল হিলাল।