যুক্তরাষ্ট্র ক্রিকেটের (ইউএসএসি) সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। গতকাল আইসিসির বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির সদস্য হিসেবে ‘বারবার ও ধারাবাহিকভাবে’ বাধ্যবাধকতা অমান্য করায় এ শাস্তি পেল যুক্তরাস্ট্র ক্রিকেট। আইসিসির ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ক্রিকেট কার্যকর পরিচালনাব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হওয়ার পাশাপাশি দেশের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি অর্জনে কোনো অগ্রগতি দেখাতে পারেনি এবং বারবার এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, যা ক্রিকেটের ‘সুনাম ক্ষুণ্ন’ করেছে। এসব কারণে স্থগিতাদেশ দেয়া হয়েছে। গত জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ আয়োজন এবং প্রশাসনিক সংস্কার পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র ক্রিকেটকে তিন মাস সময় দেয়া হয়েছিল। এর দুই মাসের একটু বেশি সময় পরই শাস্তি পেল যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি)।

তবে এ শাস্তির পরও যুক্তরাষ্ট্র ক্রিকেট দল আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে পারবে। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অংশ নিতে পারবে যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল।

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্থগিতাদেশ দুঃখজনক হলেও খেলার দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় এটি প্রয়োজনীয় পদক্ষেপ।’ যুক্তরাষ্ট্রে খেলোয়াড়দের সুরক্ষা ও ক্রিকেটের বিকাশে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আইসিসি।