আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডে দুটি করে ম্যাচ হেরে খাদের কিনারে দাঁড়িয়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টানা দুই হারে দল দুটি পয়েন্ট টেবিলে যথাক্রমে পাঁচ ও ছয় নম্বর অবস্থানে। সেমিফাইনালের নিবু নিবু জ্বলা আশাটা বাঁচিয়ে রাখতে চাইলে পরের ম্যাচগুলো জিততেই হবে—এমন সমীকরণে আজ মুখোমুখি এ দুটি দল। বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি শুরু হবে শারজায়।

উভয় দলের জন্যই দুশ্চিন্তার জায়গা ব্যাটিং। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ রানে গুটিয়ে যাওয়া ক্যারিবীয়রা পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোর্ডে ৮৮ রান বেশি তুলতে পেরেছে। যদিও এ রান জয়ের জন্য যথেষ্ট ছিল না। ওপেনার লেন্ডল সিমন্স ৩৫ বলে ১৬ রান করে দলকে ক্ষতিগ্রস্ত করেছেন, যা মিডল অর্ডারে ক্রিস গেইল, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ের, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল কিংবা ডোয়াইন ব্রাভোদের পক্ষে কাটিয়ে ওঠা আর সম্ভব হয়নি। যদিও অধিনায়ক পোলার্ড শুধু সিমন্সকে দোষারোপ করতে রাজি নন। তিনি বলেছেন, পয়েন্ট টেবিলে অবস্থানের উন্নতি চাইলে দলগতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশকে অবশ্য সবক’টি বিভাগেই জ্বলে উঠতে হবে। শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে ১৭১ রান তুলেও টাইগাররা জিততে পারেনি দুর্বল বোলিং আর হতশ্রী ফিল্ডিংয়ের কারণে। দ্বিতীয় ম্যাচে বল ও ব্যাট দুটিতেই ধুঁকেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১২৪ রান তোলার পর মাহমুদউল্লাহর দল হেরেছে ৮ উইকেটের ব্যবধানে। পাওয়ার প্লেতে বাংলাদেশের দুর্বলতা যেন কিছুতেই কাটছে না। ২০২১ সালে ন্যূনতম ১০ ম্যাচ খেলেছে এমন দলগুলোর মধ্যে পাওয়ার প্লেতে দ্বিতীয় সর্বনিম্ন রান তুলেছে বাংলাদেশ (৬.২৩)।

২০১৬ ও ২০১৭ বিপিএলে খুলনা টাইটানসের হয়ে খেলেছেন নিকোলাস পুরান। ২০১৯ বিপিএলে তিনি খেলেন সিলেট সিক্সার্সে। তখন সতীর্থ হিসেবে পেয়েছেন বর্তমান দলের লিটন দাস, তাসকিন আহমেদ, আফিফ হোসেনকে। এছাড়া ক্রিস গেইল, আন্দ্রে রাসেলসহ ওয়েস্ট ইন্ডিজের অনেক তারকাই খেলেছেন বাংলাদেশে। বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটার সম্পর্কে অনেক কিছুই ক্যারিবীয়দের কাছে পরিচিত। আজ বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান তারা।

গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সে কথা জানালেন পুরান। তিনি বলেন, এসব অনেক কাজে লাগে। বাংলাদেশে আমি অনেক সময় কাটিয়েছি। শুধু আমিই নই, আমাদের দলের আরো অনেকেই। আমাদের খুব ভালো বন্ধুত্ব আছে, ওদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। ওদের ভালোভাবে জানি। ওদের কাছ থেকে শিখিও অনেক, বিশেষ করে বিভিন্ন কন্ডিশনে খেলা নিয়ে। ওরা তাই কী করতে পারে, কোনটিতে অভ্যস্ত, এসব জেনে এ ম্যাচে খেলতে নামাটা ব্যাটিং-বোলিং দুই দিক থেকেই অনেক সাহায্য করবে।

বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচটি দুই পরাজিত দলের হলেও আজ রাতের লড়াইটা হবে দারুণ রোমাঞ্চকর। টানা দুই জয় পাওয়া পাকিস্তানের মুখোমুখি উজ্জীবিত আফগানিস্তান। ভারত ও নিউজিল্যান্ডকে টানা হারিয়েছে বাবর আজমের পাকিস্তান, অন্যদিকে আফগানরা ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে।

আফগানিস্তানকে আজ হারিয়ে সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলতে চাইবে পাকিস্তান। অন্যদিকে আফগানিস্তানও দুর্দান্ত সব পাওয়ার হিটার আর একাধিক অবিশ্বাস্য ঘূর্ণি বোলার নিয়ে পাকিস্তানকে বিস্মিত করে দিতে তৈরি।

এদিকে গতকাল দুবাইয়ে শ্রীলংকাকে পাত্তাই দিল না অস্ট্রেলিয়া। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫৪ রান তোলে লংকানরা। জবাবে ৭ উইকেট ও ১৮ বল বাকি থাকতে জয় তুলে নেয় অজিরা।