নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আজ নিজেদের মধ্যে লড়াই দিয়েই এবারের আসর শুরু করছে দুই জায়ান্ট। পাকিস্তানের লাহোরে বাংলাদেশ সময় আজ বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।
প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডকে ছাড়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এই আসরে বেশ খানিকটা খর্বশক্তির। এবার তারা বরং ব্যাটিংয়ের ওপরই বেশি ভরসা করবে, যেখানে আছেন ট্রাভিস হেডের মতো বড় ম্যাচের তারকা।
পেসারদের ঘাটতি পূরণে ডাকা হয়েছে নাথান এলিস, শন অ্যাবোট, বেন ডোয়ারশিউস ও স্পেন্সার জনসনকে।
ওয়ানডে ফরম্যাটে দুই দলই সিরিজ হেরে এসেছে। শ্রীলংকার মাঠে সম্প্রতি টেস্ট সিরিজ জয়ের পর দুই ম্যাচের ওয়ানডে সিরিজে হেরে বসে অস্ট্রেলিয়া। এর আগে নভেম্বর মাসে হোম সিরিজে তারা হেরেছে পাকিস্তানের কাছে। সম্প্রতি ভারতের মাটিতে ১-৪-এ ওয়ানডে সিরিজ হেরেছে ইংল্যান্ড। এদিকে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর চারটি সিরিজ খেলে সবগুলোতেই হেরেছে ব্রেন্ডন ম্যাককালামের দল। আজ বড় ম্যাচ দিয়েই তাদের ফেরার চ্যালেঞ্জ, সেই সঙ্গে নিয়মিত অধিনায়ক ও একাধিক তারকাকে ছাড়া অজিরাও পড়ছে অগ্নিপরীক্ষায়।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ফ্লাট উইকেটে রান উৎসব হতে পারে আজ। এই মাঠে সম্প্রতি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৩৩০ রান তুলে ৭৮ রানে জিতেছে নিউজিল্যান্ড এবং একই মাঠে দক্ষিণ আফ্রিকার করা ৩০৪ রান ৬ উইকেট হাতে রেখে টপকে যায় কিউইরা।










