ইতোমধ্যে অ্যাশেজ সিরিজ জিতে গেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজে ৩-০ তে এগিয়ে প্যাট কামিন্সর দল। এ নিয়ে অ্যাশেজে টানা তিন আসরে ‘ছাইদানি’ ধরে রাখলো অজিরা। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লক্ষ্যের কথা আগেই জানিয়েছে স্বাগতিকরা। আগামীকাল থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। এ টেস্টও জিতে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চায় অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে।
টেস্টের একদিন আগেই (আজ মঙ্গলবার) একাদশ ঘোষণা করেছে দু’দল। যেখানে প্রায় আড়াই বছর পর অজি একাদশে ফিরেছেন ওসমান খাজা। সর্বশেষ ২০১৯ সালের আগস্টে অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন খাজা। এরপর জাতীয় দলের জার্সিতে কোনো ফরম্যাটেই নামা হয়নি তার। একই বছরের জুলাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন শেষ ওয়ানডে ম্যাচ। টি-টোয়েন্টিতে শেষ দেখা গিয়েছে ২০১৬ সালে! মূলত ট্রাভিস হেডের জায়গায় একাদশে সুযোগ মিলেছে বামহাতি ব্যাটারের। আগেই জানা গিয়েছিল, কোভিড-১৯ পজিটিভ হওয়ায় সিডনি টেস্টে খেলবেন না অজি মিডল অর্ডার ব্যাটার হেডের। যদিও তার বদলে দলে ডাকা হয়েছিল মিচেল মার্শ, নিক ম্যাডিনসন ও জশ ইংলিশকে। কিন্তু তাদের কারোই দলে জায়গা হয়নি। খাজার ওপরই নির্বাচকরা আস্থা রাখছেন।
অপরদিকে ইংল্যান্ডও মেলবোর্নে হেরে যাওয়া টেস্টের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে। পেসার ওলি রবিনসন ইনজুরিতে পড়েছেন। তার বদলে কপাল খুলেছে স্টুয়ার্ট ব্রডের। পেস আক্রমণে তিনি জুটি বাঁধবেন জেমস অ্যান্ডারসন ও মার্ক উডের সাথে। ব্রড অবশ্য দ্বিতীয় টেস্টেও খেলেছেন, আবার তৃতীয় টেস্টে বাদও পড়েন।
সিরিজে জো রুট ও ডেভিড মালান ছাড়া ইংলিশদের কোনো ব্যাটারই নিজেদেরকে মেলে ধরতে পারছেন না। চতুর্থ টেস্টেও যদি একই ধরাবাহিকতা থাকে, তাহলে হারের পুনরাবৃত্তি হতে পারে ইংলিশদের।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, উসমান খাজা, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, নাথান লিয়ন।
ইংল্যান্ড একাদশ: হাসিব হামিদ, জ্যাক ক্রাউলি, ডেভিড মালান, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটকিপার), মার্ক উড, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।










