শেষ ওভারে জয়ের জন্য মিনিস্টার গ্রুপ ঢাকার প্রয়োজন ৯ রান। পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর ওভারটি থেকে মাত্র ৫ রান তুলতে সক্ষম হয়েছে ঢাকার ব্যাটাররা। শেষ পর্যন্ত ৩ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। উইকেটে ছিলেন ওপেনার তামিম ইকবাল।

ওভারের প্রথম বলে কাইস আহমেদকে বোল্ড করেন মৃত্যুঞ্জয়। এরপর উইকেটে নেমে স্ট্রাইক পান মোহাম্মদ নাঈম শেখ। কিন্তু প্রথম দুই ডেলিভারি থেকে কোনো রান আদায় করতে পারেননি নাঈম। শেষ ওভারে একটি বল খেলার সুযোগ পেয়েছেন তামিম। সে বলে একটি রান নেন তিনি। একটি নো বল ও একটি ওয়াইডও দেন মৃত্যুঞ্জয়। এরপরও ঢাকা আর সাতটি রান সংগ্রহ করতে পারেনি সাত বল থেকে (ফ্রি হিটসহ)।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৫ রান করতে সক্ষম হয় মিনিস্টার গ্রুপ ঢাকা।

১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ঢাকার হয়ে সর্বোচ্চ ৫৬ বলে ৭৩ রানের হার না মানা ইনিংস খেলেন। মিডল অর্ডারদের ব্যর্থতায় মূলত ম্যাচটি হারে ঢাকা। ২৯ বলে ২৪ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া শুভাগত হোমের ব্যাট থেকে আসে ১১ বলে ২২ রান। চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় দুটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে চট্টগ্রামকে আগে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। শামীম হোসেন পাটোয়ারির ৩৭ বলে ৫২, উইল জ্যাকসের ২৬, অধিনায়ক আফিফ হোসেনের ২৭ ও বেনি হাওয়েলে অপরাজিত ২৭ রানে ভর করে ১৪৮ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকার বোলারদের মধ্যে মাশরাফি, কাইস, সানি, ফারুকী, এবাদত ও মাহমুদউল্লাহ একটি করে উইকেট নেন।