প্যারিস অলিম্পিকে বৃহস্পতিবার ডাইভিং ও ভারোত্তোলন থেকে দুটি স্বর্ণ জিতে যুক্তরাষ্ট্রকে টপকে যায় চীন। যদিও বাংলাদেশ সময় মধ্য রাতে অ্যাথলেটিকস ট্র্যাক থেকে তিন তিনটি স্বর্ণ জিতে চীনকে টপকে যায় যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার ১৪তম দিন বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত ৩০টি স্বর্ণসহ মোট ১০৩টি পদক নিয়ে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। ২৯টি স্বর্ণসহ মোট ৭৩টি পদক নিয়ে দুইয়ে ছিল এশিয়ান জায়ান্টরা।

 

সকালে চীন তো রাতে যুক্তরাষ্ট্র—এভাবেই শীর্ষস্থানের লড়াই চলছে দুই জায়ান্টের মধ্যে। শেষ পর্যন্ত কোন দেশ শীর্ষস্থান পাওয়ার গৌরব অর্জন করবে, তা দেখার অপেক্ষা।

 

পদক তালিকায় চীন ও যুক্তরাষ্ট্রের পরেই ছিল অস্ট্রেলিয়া (১৮ স্বর্ণ), ফ্রান্স (১৪ স্বর্ণ), ব্রিটেন (১৩ স্বর্ণ) দক্ষিণ কোরিয়া (১৩ স্বর্ণ), জাপান (১৩ স্বর্ণ), নেদারল্যান্ডস (১১) ও ইতালি (১০)।

 

বৃহস্পতিবার রাতে মেয়েদের লং জাম্পে যুক্তরাষ্ট্রের টারা ডেভিস-উডহল, মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলফলিন-লেভরোন ও ছেলেদের ১১০ মিটার হার্ডলসে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড হলোওয়ে স্বর্ণ জিতেছেন।

 

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের এই তিন স্বর্ণপদক দিয়ে চীনকে পেছনে ফেলে যায় যুক্তরাষ্ট্র। তখন তাদের দুটি স্বর্ণপদক বেশি ছিল। যদিও এরপর মেয়েদের ৫৪ কেজি ওজন শ্রেণীর বক্সিংয়ের ফাইনালে তুরস্কের হাতিচ আকবাসকে হারিয়ে স্বর্ণ জিতে নেন চীনের চ্যাং ইউয়ান। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান কমাতে সমর্থ হয় চীন। এ রাতে ছেলেদের বর্ষা নিক্ষেপে নতুন অলিম্পিক রেকর্ড (৯২.৯৭ মিটার) গড়ে স্বর্ণ জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম।


 

এদিকে, আজ ভোরে ছেলেদের ম্যারাথন সাঁতারে স্বর্ণ জিতেছেন হাঙ্গেরির ক্রিস্টোফ রাসোভস্কি। তিনি সময় নিয়েছেন ১ ঘন্টা ৫০ মিনিট ৫২.৭ সেকেন্ড। জার্মানির অলিভার ক্লেমেত রৌপ্য ও হাঙ্গেরির ডেভিড বেথলেহেম ব্রোঞ্জ জিতেছেন।

 

আজ ছেলেদের ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। সন্ধ্যা ৭টায় মেয়েদের ফুটবলে ব্রোঞ্জ ম্যাচে লড়বে স্পেন ও জার্মানি। আগামীকাল শনিবার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।  

 

আজ অ্যাথলেটিকসে মেয়েদের ১০০ মিটার রিলে ফাইনাল রাত সাড়ে ১১টায়, ছেলেদের ১০০ মিটার রিলে ফাইনাল রাত ১১টা ৪৭ মিনিটে, মেয়েদের ৪০০ মিটার দৌড়ের ফাইনাল ১২টায়, হকিতে মেয়েদের ফাইনাল রাত ১২টায়, মেয়েদের ১০ হাজার মিটার ফাইনাল রাত ১টায়, ছেলেদের ৪০০ মিটার হার্ডলস ফাইনাল রাত ১টা ৪৫ মিনিটে। মোট ৩৪টি স্বর্ণের নিষ্পত্তি আজ।