পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট সামনে রেখে উইকেট
নিয়ে বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘রাওয়ালপিন্ডির উইকেট দেখে
মনে হচ্ছে, তুলনামূলক পেস সহায়ক ও ব্যাটিংয়ের জন্যও ভালো। তাদের স্কোয়াডেও দেখা যাচ্ছে,
বেশি স্পিনার নেয়নি। বিষয়টা হলো, সম্প্রতি আমরাও ভালো ফাস্ট বোলার তৈরি করেছি। কন্ডিশন
সাহায্য করলে আমাদের যথেষ্ট ভালো ফাস্ট বোলার আছে।’
রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার
প্রথম টেস্ট শুরু হবে। এই টেস্ট সামনে রেখে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সাকিব
আল হাসান, নাজমুল হোসেন শান্তরা। লাহোরে তিনদিন অনুশীলন করার পর ১৭ আগস্ট দলটি ইসলামাবাদ
পৌঁছে। আজও রাওয়ালপিন্ডিতে অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার শুরু হবে মাঠের
লড়াই।
হাথুরুসিংহে অবশ্য তার দলের তরুণ পেস ব্রিগেড নিয়ে আশাবাদী।
এই ব্রিগেডে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও নাহিদ রানা।
এদের নিয়ে কোচ বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। তারা (পাকিস্তানিরা) হয়তো খুব বেশি দেখেনি।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের ফাস্ট বোলাররা সহায়ক কন্ডিশনে খুব ভালো করেছে।
এটি রাতারাতি হয়নি। প্রায় দুই বছর ধরে আমাদের এই ফাস্ট বোলিং গ্রুপটা একসঙ্গে আছে।
পার্থক্যটা হচ্ছে অভিজ্ঞতায়। তারা একসঙ্গে হয়তো ২০টি টেস্ট খেলেনি। তাই পাকিস্তানিদের
তুলনায় তারা তরুণ ফাস্ট বোলার। তো আমি খুবই রোমাঞ্চিত এটি দেখার জন্য যে, তারা কীভাবে
প্রতিদ্বন্দ্বিতা করে।’
পাশাপাশি স্পিনেও আস্থা আছে তার। তিনি বলেন, ‘আমাদের দলে
দুজন স্পিন অলরাউন্ডারও আছে। তারা বিশ্বমানের, সাকিব আল হাসান ও (মেহেদী হাসান) মিরাজ।
তো আমাদের সামনে যা-ই ছুড়ে দেওয়া হোক, সব দিক সামলানোর রসদ আছে আমাদের। আমরা প্রস্তুত।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের কোনো জয় নেই। এখন পর্যন্ত
১৩ টেস্ট খেলে ১২টিতে হার ও একটি টেস্ট ড্র করতে পেরেছে টাইগাররা। এই সিরিজের দুটি
ম্যাচ চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে পাকিস্তান
ষষ্ঠ ও বাংলাদেশ অষ্টম স্থানে রয়েছে।
বাংলাদেশকে সমীহ করছে পাকিস্তান। রাজনৈতিক অস্থিরতার কারণে
সম্প্রতি বাংলাদেশ দলের প্রস্তুতি বিঘ্নিত হয়। এরপর পাকিস্তানে অনুশীলন দলের প্রস্তুতি
নিয়ে পাকিস্তান দলনায়ক শান মাসুদ বলেন, ‘প্রতিটি আন্তর্জাতিক দলই ভালো প্রস্তুতি নিয়ে
টেস্ট সিরিজ খেলতে আসে এবং তারা সেরা ক্রিকেটই খেলে। বাংলাদেশের প্রতিটি বিভাগেই ভালো
খেলোয়াড় আছে এবং আমরা বিশ্বাস করি তারা আমাদের বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে।’
২১ আগস্ট প্রথম টেস্ট শুরু হবে। একই ভেন্যুতে ৩০ আগস্ট
শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।










