আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে বুধবার। করাচিতে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠছে নবম চ্যাম্পিয়নস ট্রফির। টুর্নামেন্ট শুরুর ঠিক একদিন আগে নিউজিল্যান্ড দলে ঢুকলেন পেসার কাইল জেমিসন। তিনি আরেক ফাস্ট বোলার লকি ফার্গুসনের স্থলাভিষিক্ত হচ্ছেন। তার অন্তর্ভুক্তির বিষয়টি অনুমোদন দিয়েছে চ্যাম্পিয়নস ট্রফির টেকনিক্যাল কমিটি। আজ মঙ্গলবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ডান পায়ের পাতার চোটে পড়ায় ছিটকে যান ফার্গুসন। ফলে তার জায়গায় ডাক পড়ে ৩০ বছর বয়সী বোলার জেমিসনের।
১৫ সদস্যের স্কোয়াডে কেউ চোটে পড়লে পরিবর্তন আনার সুযোগ রয়েছে, তবে এজন্য টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগে। এই কমিটিতে আছেন আইসিসির জেনারেল ম্যানেজার (ক্রিকেট) ওয়াসিম খান, সিনিয়র ম্যানেজার (ইভেন্টস) সারাহ এডগার, পিসিবির পরিচালক (ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশন্স) উসমান ওয়ালা ও শন পোলক (স্বাধীন প্রতিনিধি)।
নিউজিল্যান্ড স্কোয়াড
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ও’রুর্ক, উইল ইয়াং, মার্ক চ্যাপম্যান, নাথান স্মিথ ও জ্যাকব ডাফি।










