বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ শেষ হচ্ছে আজ। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এবারের গেমসে আলো ছড়ান বিশ্বের ২০২টি দেশের অন্তত ২ হাজার ২০০ অ্যাথলিট। ট্র্যাক ও ফিল্ডের সবচেয়ে বড় এ আসরে এবার উজ্জ্বল নাম যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস। সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট দাপটে জেতার পর ২০০ মিটারেও শ্রেষ্ঠত্ব দেখান তিনি। 

লাইলসের মধ্যে উসাইন বোল্টের ছায়া দেখছেন অনেকে। হাঙ্গেরিতে গত রোববার ১০০ মিটার স্প্রিন্টে ৯.৮৩ সেকেন্ড টাইমিং করে দ্রুততম মানব হয়েছেন তিনি। এর পর থেকেই তার প্রশংসায় ভাসছে অ্যাথলেটিকস বিশ্ব। প্রথম আফ্রিকান হিসেবে ১০০ মিটার স্প্রিন্টে পদক জেতেন বতসোয়ানার লেতসিলে তেবোগো। ৯.৮৭৩ সেকেন্ড সময় নিয়ে তিনি জিতেছেন রৌপ্য। ব্রোঞ্জ জিতেছেন ব্রিটেনের ঝারনেল হিউজ। 

২৬ বছর বয়সী লাইলস শুক্রবার রাতে ডাবলস পূর্ণ করেন। ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত যা নিয়মিতই অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে করে এসেছেন উসাইন বোল্ট। বোল্টের পর কেউ ডাবল জেতেননি। শুক্রবার সেই কীর্তি গড়লেন ট্র্যাকের নতুন সেনসেশন লাইলস।

২০১৯ সালের দোহা ও ২০২২ সালে ইউজেনিতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে স্বর্ণ জিতেছেন লাইলস। এবার তৃতীয়বারের মতো স্বর্ণ জিতলেন তিনি। এবার সময় নিয়েছেন ১৯.৫২ সেকেন্ড। তার স্বদেশী ইরিওন নাইটন ১৯.৭৫ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য ও বতসোয়ানার লেতসিলে তেবোগো ১৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। 

নারীদের ১০০ মিটার স্প্রিন্ট জিতে বিশ্বের দ্রুততম মানবীর মুকুট পান যুক্তরাষ্ট্রের শা’কারি রিচার্ডসন। তারকাখচিত এ রেসে তিনি ১০.৬৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন। এ রেসে জ্যামাইকার শেরিকা জ্যাকসন রৌপ্য ও একই দেশের অলিম্পিক সুপারস্টার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস ব্রোঞ্জপদক জিতেছেন। 

শুক্রবার রাতে ২০০ মিটারে স্বর্ণ জিতে মুকুট ধরে রেখেছেন শেরিকা জ্যাকসন। ২১.৪১ সেকেন্ড সময় নেন তিনি। যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল থমাস ২১.৮১ সেকেন্ড ও দ্রুততম মানবী যুক্তরাষ্ট্রের শা’কারি রিচার্ডসন ২১.৯২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। 

টানা তৃতীয়বারের মতো ছেলেদের ১১০ মিটার হার্ডলসে চ্যাম্পিয়ন হলেন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড হলোওয়ে। তিনি সময় নেন ১২.৯৬ সেকেন্ড। মেয়েদের ১০০ মিটার হার্ডলসের স্বর্ণ জিতেছেন জ্যামাইকার ড্যানিয়েল উইলিয়ামস। বুদাপেস্টে এটাই ছিল জ্যামাইকার প্রথম স্বর্ণ। ৩০ বছর বয়সী হার্ডলার সময় নিয়েছেন ১২.৪৩ সেকেন্ড। বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন পুয়ের্তো রিকোর জ্যাসমিন কামাচো-কুইন রৌপ্য ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রা হ্যারিসন ব্রোঞ্জ জিতেছেন। 

ছেলেদের ৪০০ মিটার দৌড়ে ৪৪.২২ সেকেন্ড টাইমিং করে চ্যাম্পিয়ন হন জ্যামাইকার আন্তোনিও ওয়াটসন। ব্রিটেনের ম্যাথিউ হাডসন-স্মিথ রৌপ্য ও যুক্তরাষ্ট্রের কুইন্সি হিল ব্রোঞ্জ জয় করেন। ৪০ বছর পর এ ইভেন্টে কোনো জ্যামাইকান স্বর্ণ জিতলেন। ১৯৮৩ সালে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে স্বর্ণ জিতেছিলেন জ্যামাইকার বার্ট ক্যামেরন। 

অ্যাথলেটিকসে অন্যতম আকর্ষণীয় ইভেন্ট পোল ভল্ট। বুদাপেস্টে মেয়েদের পোল ভল্টে আবেগঘন ঘটনার অবতারণা হয়েছে এবার। ২ ঘণ্টা ১০ মিনিটেও মীমাংসা না হওয়ায় স্বর্ণ ভাগাভাগি করেন যুক্তরাষ্ট্রের কেটি মুন ও অস্ট্রেলিয়ার নিনা কেনেডি। 

দুজনই ৪ দশমিক ৯০ মিটার উচ্চতায় লাফালেও তিনবারের চেষ্টায় কেউই ৪ দশমিক ৯৫ মিটারের বার অতিক্রম করতে পারছিলেন না। পরে দুজন আলোচনা করে স্বর্ণ ভাগাভাগির সিদ্ধান্ত নেন। ব্রোঞ্জ জিতেছেন ফিনল্যান্ডের ভিলমা মুর্তো।