এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখালেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আসরে গতকাল ছেলেদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে তিনি ৬-৪ সেট পয়েন্টে হারান জাপানের মিয়াতা গাকুতোকে।

‎রিকার্ভ পুরুষদের বিশ্ব র‍্যাংকিংয়ে ১৭৯ নম্বরে থাকা আলিফ দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এশিয়ান পর্যায়ে স্বর্ণ জিতলেন। এর আগে ২০১৯ সালে রোমান সানা এশিয়া কাপ আর্চারির লেগ ৩-এ স্বর্ণ জিতেছিলেন। রোমান সানা ও তার আর্চার স্ত্রী দিয়া সিদ্দিকী এখন যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

বুকিত গমবাক স্টেডিয়ামে ‎ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর প্রথম দুই সেট জিতে নেন আলিফ। প্রথম সেটে আলিফের স্কোর ছিল ২৮, আর গাকুতোর ২৭। দ্বিতীয় সেটও একই ব্যবধান রেখে জিতে নেন আলিফ। এরপর ঘুরে দাঁড়ান গাকুতো। তৃতীয় ও চতুর্থ সেট জিতে নেন তিনি। শেষ পর্যন্ত পঞ্চম সেটে ২৯-২৬ ব্যবধানে জিতে স্বর্ণ নিশ্চিত করেন ১৯ বছর বয়সী আলিফ।

‎গত ১৬ জুন ‘বাই’ পেয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করেন আলিফ। এরপর চীনের আলিনকে হারিয়ে নাম লেখান শেষ বত্রিশে। পরবর্তী ধাপে মালয়েশিয়ার মুহাম্মাদ শফিককে ৬-৪ ব্যবধানে ও চাইনিজ তাইপের লি কাই-ইয়েনকে ৭-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট পান। চাইনিজ তাইপের আরেক খেলোয়াড় চেন পিন-আনকে হারিয়ে জায়গা করে নেন ফাইনালে।

‎আর্চারির ব্যক্তিগত ইভেন্টে এটিই আলিফের প্রথম স্বর্ণ জয়। এর আগে আর্চারি বিশ্বকাপ, এশিয়ান আর্চারি, এশিয়া কাপের বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশ নিলেও আলো ছড়াতে পারেননি আলিফ। অবশেষে এশিয়া কাপে স্বর্ণ জিতলেন তিনি।

২০২৫ এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগ শুরু হয় গত ১৫ জুন। ছয়দিনের এ প্রতিযোগিতায় ২০টি দেশের ২০৪ জন আর্চার অংশ নেন। ছেলে ও মেয়েদের রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১ জন। বাংলাদেশ একটিই স্বর্ণ পদক জিতেছে।