চলমান আইসিসি টি২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের শোচনীয় ব্যর্থতার কারণ অনুসন্ধানে রিভিউ কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও মোহাম্মদ জালাল ইউনুসকে নিয়ে এই রিভিউ কমিটি গঠন করা হয়েছে।


আজ বিসিবির এক মিডিয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কন্টিনজেন্টের সদস্য (খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট) ও বাংলাদেশ দলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গের মতামত শুনে তারা এই বিশ্বকাপে মাহমুদউল্লাহর দলের ব্যর্থতার কারণ খুঁজে বের করার চেষ্টা করবেন।


উল্লেখ্য, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে সপ্তম আইসিসি টি২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডে দুটি ম্যাচ জিতলেও সুপার টুয়েলভ রাউন্ডে পাঁচ ম্যাচ খেলে সবগুলোই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার কাছে ৮৪ ও অস্ট্রেলিয়ার কাছে ৭৩ রানে গুটিয়ে বিশাল হারের মুখে পড়ে বাংলাদেশ।