ফিফা বিশ্বকাপ ২০২৬ এর বাছাইপর্বের ম্যাচ খেলতে বুধবার ভোরে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৬টায় ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা, এর ৪৫ মিনিট পর ঘরের মাঠে পেরুর মোকাবেলা করবে সেলেসাওরা।

শুক্রবার নিজেদের আগের ম্যাচেই ভেনেজুয়েলার মাঠে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। একইদিন চিলির মাঠে ২-১ গোলের জয় তুলে নেয় ব্রাজিল। এবার জিততে মরিয়া হয়ে খেলবে আলবিসেলেস্তেরা। চোট কাটিয়ে ফেরার ম্যাচেই ড্র দেখেছেন মেসি। ইন্টার মায়ামি সুপারস্টার এবার ঘরের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্টই পেতে চাইবেন।

মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে, বুধবার শুরুর একাদশেই থাকছেন মেসি। ২০২৩ সালের নভেম্বর মাসে উরুগুয়ের কাছে ২-০ গোলে হারের পর এই প্রথম আর্জেন্টিনার মাঠে খেলবেন মেসি। তার সঙ্গে আক্রমণে থাকছেন লাউতারো মার্টিনেজ ও হুলিয়েন আলভারেজ।

এদিকে, বোটাফোগোর দুই খেলোয়াড় আগের ম্যাচে ব্রাজিলের মান বাঁচিয়েছেন। শুরুতেই পিছিয়ে পড়া সেলেসাওদের সমতায় ফেরান ইগর জেসুস। এরপর ৮৯ মিনিটে ব্রাজিলের জয়সূচক গোল করেন লুইজ হেনরিক। এরা দুজনই বোটাফোগোর খেলোয়াড়।

লাতিন অঞ্চলের বাছাইপর্বে ৯ রাউন্ডের খেলা শেষে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। এরপর যথাক্রমে কলম্বিয়া (১৬), উরুগুয়ে (১৫), ব্রাজিল (১৩), একুয়েডর (১২) ও বলিভিয়ার (১২) অবস্থান।

লাতিন অঞ্চল থেকে টেবিলের শীর্ষ ছয়টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। সপ্তম দলটি মহাদেশীয় প্লে-অফ খেলবে। অর্থ্যাৎ এই অঞ্চল থেকে বিশ্বকাপের সাতটি টিকিট পাওয়ার সুযোগ রয়েছে।