অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন জাস্টিন ল্যাঙ্গার। তার সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তি ছিল আগামী জুন পর্যন্ত। তবে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা চলছিল কিছুদিন ধরে। গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও গত মাসে অ্যাশেজ জয়ের পর ল্যাঙ্গারের চাওয়া ছিল লম্বা সময়ের জন্য মেয়াদ বাড়ানো। কিন্তু হলো উল্টো। ল্যাঙ্গারকে আর কিছুদিন দায়িত্বে থাকার প্রস্তাব দেয়া হয়েছিল।
ল্যাঙ্গারের পদত্যাগপত্র গ্রহণ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিবৃতিতে জানায়, জাস্টিনের বর্তমান চুক্তির সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছিল। দুঃখজনকভাবে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি।
ল্যাঙ্গারের মেয়াদ বৃদ্ধির সেই প্রস্তাবিত সময়ে অক্টোবর-নভেম্বরে দেশের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপও ছিল বলে জানায় বোর্ড। কিন্তু স্বল্প মেয়াদের প্রস্তাব মনে ধরেনি ল্যাঙ্গারের।
আগামী মাসে পাকিস্তান সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেখানে দেখা যেতে পারে অজিদের নতুন কোচকে।










