বিপিএলে আজ সোমবার সিলেট পর্ব শুরুর দিনই রানবন্যা। স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের ছুড়ে দেয়া ২০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে এক ওভার হাত রেখে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। ৫৬ বলে ১১৩ রানের টর্নেডো ইনিংস খেলে রংপুরকে জেতান ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। এটা চলতি বিপিএলের তৃতীয় সেঞ্চুরি।

প্রথম ওভারে আজিজুল হাকিমের উইকেট হারিয়ে রংপুরের স্কোর ২/১। এরপরও ১৯ ওভারেই জয় তুলে নেয়া বিস্ময়করই। অসম্ভবকে সম্ভব করেছেন অ্যালেক্স হেলস ও সাইফ হাসান। দুজন দ্বিতীয় উইকেটে ১০১ বলে ১৮৮ রানের পার্টনারশিপ গড়ে রংপুরকে জিতিয়েছেন। হেলস ১০ বাউন্ডারি ও ৭ ছক্কায় ১১৩ এবং সাইফ ৪৯ বলে ৩ বাউন্ডারি ও ৭ ছক্কায় ৮০ রান করেন।

১৫.১ ওভারশেষে রংপুরের স্কোর ছিল ১৫০/১। এরপর ২৯ বলে ৫৬ রান তোলার সমীকরণ মিলিয়েছেন হেলস। সাইফ ৮০ রান করে সাজঘরে ফিরে যাওয়ার পর ইফতিখার আহমেদকে নিয়ে তিনি দলের জয় নিশ্চিত করেন।

এর আগে রনি তালুকদার (৩২ বলে ৫৪), জাকির হাসান (৩৮ বলে ৫০), অ্যারন জোনস (১৯ বলে ৩৮*) ও জাকের আলীর (৫ বলে ২০*) ব্যাটে ভর করে ৪ উইকেটে ২০৫ রানের সৌধ গড়ে সিলেট। বিশাল এই স্কোর নিয়েও জেতা হলো না স্বাগতিক দলের। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই হারল সিলেট। রংপুর এ নিয়ে চার ম্যাচ খেলেই চারটিতেই জিতে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে।