অশোভন আচরণের জন্য পাকিস্তানি পেসার হাসান আলীকে তিরস্কার করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নুরুল হাসান সোহানকে আউট করে এমন আচরণ করেন যা ক্রিকেটীয় নিয়মের পরিপন্থী। হাসানের পাশাপাশি স্লো ওভার রেটের জন্য বাংলাদেশ দলকেও জরিমানা করেছে আইসিসি।
বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ১ম ম্যাচে আইসিসির লেভেল ১ এর কোড অব কন্ডাক্ট ভাঙেন হাসান। কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২ দশমিক ৫ ভঙ্গ করেন এই পেসার। যেখানে লেখা আছে কোনো আন্তর্জাতিক ম্যাচে ব্যাটসম্যানকে আউট করার পর এমন আচরণ করা যাবে না, যা ব্যাটসম্যানকে আগ্রাসী কোনো প্রতিক্রিয়া দেখাতে প্রলুব্ধ করতে পারে।
কিন্তু হাসান বাংলাদেশের ইনিংসের ১৭তম
ওভারে নুরুল হাসান সোহানকে আউট করে তাকে সেন্ড অফ দেন (মাঠ ছেড়ে যেতে ইশারা দেন)।
এজন্য আনুষ্ঠানিক ভর্ৎসনার পাশাপাশি ১ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।
এদিকে বাংলাদেশ দলকে গুনতে হয়েছে
জরিমানা। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ২০
শতাংশ জরিমানা করা হয়েছে দলের সবাইকে। নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম করতে
পেরেছিল বাংলাদেশ। আইসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২ অনুযায়ী
নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ১ ওভার কম করার জন্য বোলিং দলের ম্যাচ ফি’র ২০ শতাংশ করে জরিমানা করা হবে।










