এক যুগ পর বাংলাদেশের ক্রিকেটে নাজমুল হাসান পাপনের রাজত্ব শেষ হয়েছে।
নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক
ছিলেন তিনি। সাবেক অধিনায়কদের মধ্যে তিনিই প্রথম ক্রিকেট বোর্ডের সভাপতি পদে অধিষ্ঠিত
হলেন।
নতুন সভাপতি হওয়ার পর সচিবালয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় ফারুক আহমেদ
বলেন, ‘লক্ষ্য তো অনেক বড়, প্রথম ও প্রধান লক্ষ্য বাংলাদেশ দলকে একটা জায়গায় দেখতে
চাই। সেক্ষেত্রে এটা তো অনেক বড় একটা ব্যাপার, কিভাবে দেখবো। অনেক জায়গায় আমাদের কাজ
করতে হবে। আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে হয় নাই অনেক প্রশ্ন আছে।’
তিনি বলেন, ‘প্রথম ও প্রধানতম দায়িত্ব আমার ক্রিকেটকে এগিয়ে নিয়ে
যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট
দল তাহলে কাজগুলো অনেক সহজ হবে।’
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ফারুক আহমেদের সখ্যতা বেশ আগে থেকেই। ১৯৯৩-৯৪
মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েছিলেন। খেলোয়াড়ি জীবনে অলরাউন্ডারের ভূমিকায়
থাকলেও ব্যাটার হিসেবেই বেশি পরিচিত ছিলেন ফারুক আহমেদ। সাবেক এ ব্যাটসম্যান বাংলাদেশের
ঘরোয়া ক্রিকেটে খেলেছেন প্রায় ১৫ বছর। ১৯৯৩ আইসিসি ট্রফিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
বাংলাদেশের হয়ে খেলেছেন সাতটি আন্তর্জাতিক ম্যাচ। সর্বশেষ দেশের জার্সিতে তাকে দেখা
গেছে ১৯৯৯ বিশ্বকাপে।










