ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-২০ ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে দলটি বাংলাদেশ নৌবাহিনীকে ৫ উইকেটে হারিয়েছে।

পুলিশ স্টাফ কলেজ গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নৌবাহিনী নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান তোলে। বাশার আলী ৪০ বলে ৭১ রান করেন। আলিমুল ইসলামের ব্যাট থেকে আসে ২০ রান। সেনাবাহিনীর হাসান মাহমুদ সৌরভ, আসাদ মিয়া ও নবাব ইসলাম দুটি করে উইকেট নেন।

জবাবে রাহাত মল্লিকের ৩০ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৮.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সেনাবাহিনী। কামরুল হাসান ৩৭ রানের হার না মানা ইনিংস খেলেন, ফয়সাল কবির করেন ৩৩ রান। রাহাত মল্লিক ম্যাচসেরা হয়েছেন।

এদিকে, টি-৪০ ফরম্যাটের লিগ ম্যাচে শনিবার জয় পেয়েছে সেনা কল্যাণ সংস্থা। বিকেএসপিতে টস জিতে প্রতিপক্ষ বিমান বাহিনীকে ব্যাটিংয়ে পাঠায় সেনা কল্যাণ সংস্থা। বারিউল মুসাব্বির প্রীতম ও আবু সাঈদ কাজীর টাইট বোলিংয়ে ৩২ ওভারে অলআউট হওয়ার আগে ১০৪ করতে পারে বিমান বাহিনী। মোহাম্মদ জুলফিকার সর্বোচ্চ ২৯ রান করেন। তারিকুল ইসলাম সাগর করেছেন ২২ রান। প্রীতম ৪ উইকেট নিয়েছেন ২১ রানে, আবু সাঈদ কাজী ১২ রানে ২ উইকেট নিয়েছেন।

জবাবে আহমেদ আমান আবিরের ৪৭ বলে ৫৭ রানের ইনিংসের কল্যাণে ১৮.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সেনা কল্যাণ সংস্থা। ৪ উইকেট নেয়া প্রীতম ম্যাচ সেরা হয়েছেন।