নবম নারী বিশ্বকাপ ফুটবলে আজ বৃহস্পতিবার সহ আয়োজক
অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখাল আফ্রিকান দেশ নাইজেরিয়া। এই হারে অস্ট্রেলিয়ার
নকআউট পর্বে ওঠা পড়ল হুমকির মুখে।
ব্রিজবেনের ল্যাং পার্কে আজ প্রথমার্ধের যোগ করা সময়ে
দুর্দান্ত নাটকীয়তা হয়েছে। প্রথম মিনিটে (৪৫+১) কাইটিলিন ফুর্ডের পাস থেকে
অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন এমিলি ফন এগমন্ড। ষষ্ঠ মিনিটে (৪৫+৬) উচেন্না কানুর গোলে
সমতা আনে নাইজেরিয়া। ম্যাচের ৬৫ মিনিটের সময় এরপর ওসিনাচি ওহালে ব্যবধান ২-১ করেন।
বার্সেলোনায় খেলা তারকা ফরওয়ার্ড আসিসাত ওশোয়ালা ৭২ মিনিটে
গোল করে নাইজেরিয়াকে ৩-১ গোলে এগিয়ে দেন। অস্ট্রেলিয়ার অ্যালানা কেনেডি ও
ম্যাকেঞ্জি আর্নল্ডের মধ্যে ভুল বুঝাবুঝির সুযোগ নিয়ে তিনি গোলটি করেন।
কেনেডি শেষ মুহূর্তে (৯০+১০) ব্যবধান কমালেও তা নাইজেরিয়াকে
জয়বঞ্চিত করতে পারেনি।
এই জয়ে দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে টেবিলের
এক নম্বরে উঠে গেল নাইজেরিয়া। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে কানাডা। তাদের উভয় দলের
পেছনে অস্ট্রেলিয়া। সোমবার এই গ্রুপের মীমাংসা হবে। সেদিন নাইজেরিয়ার প্রতিপক্ষ নর্দার্ন
আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া খেলবে কানাডার বিপক্ষে।
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে আজ দুপুরের ম্যাচে অঘটনের জন্ম
দিতে যাচ্ছিল নেদারল্যান্ডস। বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে হারানোর পথেই ছিল ডাচ
নারীরা। যদিও যুক্তরাষ্ট্রকে রক্ষা করেন অধিনায়ক লিন্ডসে হোরান। তার গোলে অঘটন
এড়িয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে টানা দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি ১-১ গোলে
ড্র হয়।
ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো জিল রুর্ড ১৭ মিনিটে গোল
করে ডাচদের এগিয়ে দেন। এই গোলের পর আত্মবিশ্বাসী হয়ে ওঠা ডাচদের সামলাতে হিমশিম
খেতে হয় রেকর্ড চারবারের বিশ্বচ্যাম্পিয়ন আমরিকানদের। তিনটি বিশ্বকাপ জুড়ে টানা ১৩
ম্যাচ জেতা যুক্তরাষ্ট্র আজ যেন ধুকঁছিল। অবশেষে অধিনায়ক হোরান ত্রাতা হিসেবে
রক্ষা করেন দলকে। ৬২ মিনিটে কর্নারে সৃষ্ট জটলার মধ্য থেকে হেডে গোল করে সমতা আনেন
তিনি।
ড্রয়ের পরও দুই ম্যাচ থেকে চার পয়েন্ট সংগ্রহ করে
‘ই’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। ডাচদেরও সমান চার পয়েন্ট, যদিও
তারা গোল ব্যবধানে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে রয়েছে। পর্তুগাল তিন পয়েন্ট নিয়ে
তিনে ও ভিয়েতনাম শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে। আজ ভিয়েতনামকে হারায়
পর্তুগিজরা।










