ইন্দোনেশিয়ার জাকার্তার আইএসএসএফ গ্রাঁ-প্রিঁ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে বাংলাদেশকে পদক এনে দিলেন নাফিসা তাবাসসুম। নারীদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন এই শুটার।

আজ নাফিসা পদক পেলেও সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন আরেক নারী শুটার সাজিদা হক। এছাড়া পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল বাংলাদেশের শুটার শোভন চৌধুরী ও রাব্বি হাসান মুন্নাও থেমেছেন সেমিফাইনালে।

ফাইনালে চার প্রতিযোগির মধ্যে কম্পিটিশন রাউন্ডে আশা জাগানিয়া খেলেছেন নাফিসা। এলিমিনেশন রাউন্ডে মোট ৩৭ স্কোর তুলে ছিটকে যান সোনা জয়ের লড়াই থেকে। ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। এই ইভেন্টের সোনা জিতেছেন রোমানিয়ার জর্জিটা লরা, তিনি স্কোর তুলেছেন ৪৯। রুপা জিতেছেন ইন্দোনেশিয়ার খায়রুন্নেসা সালসাবিলা, তার স্কোর ৪৫.৫।

পুরুষ ইভেন্টে সোনা জিতেছেন থাইল্যান্ডের শুটার নাপিস তোরতুংপানিচ এবং রুপা জিতেছেন ইন্দোনেশিয়ার শুটার গুসতাফিয়ান ফাতুর।