টি২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই শ্রীলংকাকে হারিয়ে হৈচৈ ফেলা দেয়া নামিবিয়াকে এবার মাটিতে নামাল নেদারল্যান্ডস। জিলংয়ে অনুষ্ঠিত ম্যাচে আজ নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ডাচরা। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১২১ রান তোলে আফ্রিকার দলটি। জবাবে তিন বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ডাচরা। এই জয়ে সুপার টুয়েলভ রাউন্ডের কাছাকাছি পৌঁছে গেল ইউরোপের দলটি।

 

শ্রীলংকার বিপক্ষে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬৩ রান তোলে নামিবিয়া। তবে আজ ব্যাটিংটা ভালো হয়নি গেরহার্ড এরাসমাসের দলের। চার রানের মাথায় ওপেনার ডিভানা লা কককে হারানো ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। পরে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকলে তার প্রভাব পড়ে স্কোরবোর্ডে। ২০ ওভার শেষে ১২১ রানের সাদামাটা সংগ্রহ জড়ো করতে সমর্থ হয় তারা। ইয়ান ফ্রাইলিংক ৪৮ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন। আর ওপেনার মাইকেল ফন লিনগেন করেন ২০ রান। ডাচদের পক্ষে বাস ডি লিডি ১৮ রানে দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন টিম প্রিঙ্গল, কলিন অ্যাকারম্যান, পল ফন মিকিরেন ও রোয়েলফ ফন ডার মারউই।

 

রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ম্যাক্স ও’ডাউড আর বিক্রমজিত সিং ৫৯ রান তুলে দিলে কাজটা সহজ হয়ে পড়ে ডাচদের। ম্যাক্স ৩৫ বলে ৩৫ ও সিং ৩১ বলে ৩৯ রান করেন। এরপর ৩০ বলে ৩০ রান করে নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ডি লিডি।

 

বাস ডি লিডি দুই উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৩০ রান করেন, একটি ক্যাচও নিয়েছেন। অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে ম্যাচসেরা হন তিনি।