‘হ্যালো সুপারস্টারস’-এর তত্ত্বাবধানে মালয়েশিয়ায় ‘লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট-২০২৫’-এ বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ ফুটবলারদের একটি দল খেলতে যাচ্ছে। তারা খেলবে জাফরানী স্পোর্টিং ক্লাবের হয়ে। সম্প্রতি এ দলের খেলোয়াড়রা নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ থেকে দল গঠনের অংশ হিসেবে অনূর্ধ্ব-১৬ পর্যায়ের ফুটবলারদের (স্থানীয় ক্লাব, একাডেমি ও ব্যক্তিগত পর্যায়) বিনা খরচে অংশগ্রহণের জন্য অনলাইনে বাছাই শেষে মাঠ পর্যায়ের বাছাইপর্ব গত ১৬ জুন সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাথলেটিকস ট্র্যাক মাঠে অনুষ্ঠিত হয়। মাঠ পর্যায়ে ওই বাছাই প্রক্রিয়ায় বিকেএসপির সাবেক মহাপরিচালক লে. কর্নেল (অব.) এমএ লতিফ খানের নেতৃত্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, মামুনুল ইসলাম মামুন ও জাহিদ হাসান এমিলি।

এ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সেরা ১৬ জনের একটি দল আগামী মাসে মালয়েশিয়ায় ‘লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫’-এ বাংলাদেশের জাফরানী স্পোর্টিং ক্লাবের অধীনে অংশ নেবে। আয়োজকদের পক্ষ থেকে জাফরানী স্পোর্টিং ক্লাবকে অভিনন্দন জানানো হয়েছে।

জুলাইয়ে (১১-১৩ জুলাই) মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট। এটির আয়োজক লা লিগার অফিশিয়াল পার্টনার শ্যামবিল পার্ক। গত বছর ইন্দোনেশিয়ায় লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট হয়েছে। এ বছর ফিলিপাইন, মালয়েশিয়া ও থাইল্যান্ডে কিশোরদের এ আসর বসতে যাচ্ছে।