ট্র্যাক ও ফিল্ডের কিংবদন্তি উসাইন বোল্ট-পরবর্তী অলিম্পিক
স্টার কি পেয়ে যাচ্ছে অ্যাথলেটিকস? যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলসের মধ্যে তেমন সম্ভাবনাই
দেখছেন অনেকে। হাঙ্গেরিতে রোববার রাতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ছেলেদের ১০০
মিটার স্প্রিন্টে ৯.৮৩ সেকেন্ড টাইমিং করে দ্রুততম মানব হয়েছেন লাইলস। এরপর থেকেই তার
প্রশংসায় ভাসছে অ্যাথলেটিকস বিশ্ব।
এদিন প্রথম আফ্রিকান হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপের ১০০
মিটার স্প্রিন্টে পদক জিতলেন বতসোয়ানার লেতসিলে তেবোগো। ৯.৮৭৩ সেকেন্ড সময় নিয়ে তিনি
জিতেছেন রৌপ্য। তার চেয়ে দশমিক ০০১ সেকেন্ড সময় কম সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ব্রিটেনের
ঝারনেল হিউজ। ২০ বছর পর ১০০ মিটারে পদক জিতলেন কোনো ব্রিটিশ স্প্রিন্টা।
একটি সময় লাইলসকে বলা হতো, তুমি ১০০ মিটারের জন্য ফিট
নও। এখন তিনিই বিশ্বের দ্রুততম মানব। তাও আধিপত্য করে জিতেছেন তিনি।
২৬ বছর বয়সী লাইলসের সামনে এখন ১০০ মিটার ও ২০০ মিটারের
ডাবল জয়ের হাতছানি, ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত যা নিয়মিতই অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়নশিপে
করে এসেছেন উসাইন বোল্ট। আসলে বোল্টের পর কেউ ডাবল জেতেনি। শুক্রবার সেই কীর্তি গড়ার
সুযোগ লাইলসের সামনে।
২০১৯ সালের দোহা ও ২০২২ সালে ইউজেনিতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে স্বর্ণ
জিতেছেন লাইলস। এবার তৃতীয়বারের মতো স্বর্ণ জয়ের পথে ফেভারিট তিনি। তবে তিনি এখন শুধুই
২০০ মিটারের মধ্যে আটকে নেই বলে দাবি করলেন। এ নিয়ে আমেরিকান স্প্রিন্টার বলেন, ‘‘অনেকদিন
ধরেই একথা বলা হয়েছে যে, এই ইভেন্টে দেয়ার মতো অনেক কিছু আমার মধ্যে আছে। আমি ২০০ মিটারে
অনেক দিয়েছিও। কিন্তু এবার মানুষজন বলবে, ‘নোয়াহ ২০০ মিটার, ১০০ মিটার ও রিলে জিতবে।
এমনকি তারা বলবে, এইতো একটি সাম্রাজ্যের সূচনা হলো।’’
তিনি আরো বলেন, ‘আমি এখানে এসেছি তিনটি স্বর্ণ জিততে।
একটি তো জিতে নিলাম, বাকিগুলোও আসছে। যে ইভেন্টগুলো আমি পছন্দ করে তা আমি ভীষণ উপভোগ
করি।’
এই গ্রীষ্মে লাইলস ঘোষণা দিয়েছিলেন, তিনি ১০০ মিটারে ৯.৬৫
সেকেন্ড টাইমিং করবেন। এবার না পারলেও একদিন যে পারবেন, সেই প্রত্যয় আছে তার কথায়।
আবার ২০০ মিটারে ১৯.১০ সেকেন্ড টাইমিং করে বোল্টের বিশ্বরেকর্ড (১৯.১৯) ভেঙে দিয়ে প্রমাণ
করেছেন, তার মধ্যে সেই মেধা ও যোগ্যতা আছে। ২০০ মিটারে লাইলসকে প্রতিদ্বন্দ্বিতা করতে
হবে স্বদেশী এরিওন নাইটনের সঙ্গে।
১০০ মিটারে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাংলাদেশের দ্রুততম
মানব ইমরানুর রহমান। তিনি প্রথম রাউন্ডের হিটে ১০.৫০ সেকেন্ড টাইমিং করে প্রথম হলেও
দ্বিতীয় রাউন্ডে ১০.৪১ সেকেন্ড টাইমিং করে বিদায় নেন।
এদিকে, মেয়েদের হেপ্টাথলনে চ্যাম্পিয়ন
হয়েছেন ব্রিটেনে ক্যাটারিনা জনসন-থম্পসন। ২০১৯ সালের আসরে স্বর্ণ জয়েল পর চোটে পড়া
ক্যাটারিনার ক্যারিয়ার নিয়েই ছিল শঙ্কা। যদিও তিনি দারুণভাবে ফিরে আসলেন। যুক্তরাষ্ট্রের
আন্না হলকে অল্প ব্যবধানে হারান তিনি। তার পয়েন্ট ৬ হাজার ৭৪০, আর হলের ৬ হাজার ৭২০।










