পাকিস্তানের লাহোরে আজ সোমবার তৃতীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৯তম খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার ম্যাথিউ ব্রিটজকে। এটি ছাড়াও অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন তিনি। ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ স্কোরও এখন তার দখলে। তিনি ১৪৮ বলে ১১ বাউন্ডারি ও ৫ ছক্কায় খেলেন ১৫০ রানের ইনিংস, ওয়ানডে অভিষেকে যা সর্বোচ্চ।
ওয়ানডে অভিষেকে আগের সর্বোচ্চ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইনেস। ১৯৭২ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রান করেছিলেন ক্যারিবীয় গ্রেট। এবার সেই রেকর্ড ভাঙলেন ব্রিটজকে। তৃতীয় সর্বোচ্চ ইনিংস খেলেছেন আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। ২০২১ সালে আবু ধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ১২৭ রান করেছিলেন তিনি।
শনিবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৩৩০ রানের সৌধ গড়ে পাকিস্তান। আজ একই মাঠে ৬ উইকেটে ৩০৪ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ব্রিটজকের সেঞ্চুরি ছাড়াও উইয়ান মুলডার ৬০ বলে ৬৪ ও জেসন স্মিথ ৫১ বলে ৪১ রান করেন। ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্ক দুটি করে উইকেট নেন।
ব্রিটজকের রেকর্ড গড়া এই ম্যাচেও হেরে বসেছে প্রোটিয়ারা। মূলত তারা হেরেছে কেন উইলিয়ামসনের কাছে। সাবেক কিউই দলনায়ক ১১৩ বলে ১৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ১৩৩ রানের রাজসিক সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন ৬ উইকেটে, ৮ বল হাতে রেখে। এছাড়া ডেভন কনওয়ে ১০৯ বলে ৯৭ ও গ্লেন ফিলিপস ৩২ বলে ২৮ রান করেন।
টানা দুই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল নিউজিল্যান্ড। বুধবার করাচিতে মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। দুটি দলই হেরেছে নিউজিল্যান্ডের কাছে। কাজেই ওই ম্যাচের বিজয়ী শুক্রবারের ফাইনালে উঠবে।










