আর্সেন ওয়েঙ্গার ও স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ এতটা উত্তাপ আর কখনো ছড়িয়েছে কিনা তা নিয়ে হয়তো গবেষণাই করতে হবে। আজ রাতে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ শুধুই ৩ পয়েন্টের লড়াই নয়, এটি মর্যাদা, ইতিহাস আর শিরোপার দৌড়ের উত্তাপ নিয়ে হাজির। টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের, যারা ঠিক এ মুহূর্তে আত্মবিশ্বাসের জোয়ারে ভাসছে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারানোর পর।
রুবেন আমোরিমের বিদায়ের পর অন্তর্বর্তী কোচ হিসেবে মাইকেল ক্যারিকের দ্বিতীয় স্পেল শুরু হয়েছে দুর্দান্তভাবে। ম্যানচেস্টার ডার্বিতে ব্রায়ান এমবিউমো ও প্যাট্রিক ডরগুর গোলে সিটিকে ধরাশায়ী করার পর রেড ডেভিলদের চোখে এখন চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন। বর্তমানে টেবিলের পঞ্চম স্থানে থাকা ইউনাইটেড টানা ১১ ম্যাচে গোল পাওয়ার ধারা বজায় রেখেছে। ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের জয় ছিল শুধু ফলাফলের নয়, পারফরম্যান্সেরও বার্তা। দ্রুত ট্রানজিশন, নিখুঁত কাউন্টার আর ম্যাচের নিয়ন্ত্রণ—সব মিলিয়ে ব্রায়ান এমবিউমো ও প্যাট্রিক ডরগুর গোল ইউনাইটেড সমর্থকদের মনে নতুন আশার আলো জ্বালিয়েছে। তবু ক্যারিক বাস্তববাদী থাকতে চান। তার মতে, একটি ম্যাচই দল বানায় না, তবে এমন জয় ভবিষ্যতের ভিত্তি গড়ে দেয়। এ আত্মবিশ্বাস নিয়েই রেড ডেভিলরা নামছে লিগের সবচেয়ে ধারাবাহিক দলের বিপক্ষে।
অন্যদিকে আর্সেনাল লিগে শেষ ম্যাচে সুযোগ নষ্ট করলেও এখনো শিরোপার দৌড়ে শীর্ষে। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গোলশূন্য ড্র কিছুটা হতাশা আনলেও প্রতিদ্বন্দ্বীদের পয়েন্ট হারানোর কারণে ক্ষতি সীমা ছাড়িয়ে যায়নি। সবচেয়ে বড় কথা, সপ্তাহের মাঝে স্যান সিরোয় ইন্টার মিলানকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করে মিকেল আর্তেতার দল আবারো প্রমাণ করেছে কেন তারা এ মৌসুমে আলাদা। তাছাড়া আর্সেনাল এ মৌসুমে নিজেদের ঘরের মাঠে রীতিমতো অজেয়। এমিরেটসে খেলা ১৬টি ম্যাচের ১৪টিতেই তারা জিতেছে, বাকি ২টি ড্র।
এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের রেকর্ড ইউনাইটেডের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। তবে আর্তেতা জানেন বর্তমান ইউনাইটেড আগের মতো নয়। সিটির বিপক্ষে তাদের হাই ব্যাকলাইন ভেঙে যেভাবে ইউনাইটেড সুযোগ তৈরি করেছে, তা আর্সেনালের জন্যও সতর্কবার্তা।
গানারদের শিবিরে বড় স্বস্তির খবর হলো রক্ষণভাগের চোট কাটিয়ে রিকার্ডো ক্যালাফিওরি ও পিয়েরো হিনক্যাপি অনুশীলনে ফিরেছেন। আক্রমণে বুকায়ো সাকা আর ভিক্টর গিয়েকেরেসের ফর্ম ইউনাইটেড রক্ষণের জন্য বড় মাথাব্যথার কারণ হবে। তবে আক্রমণভাগে গ্যাব্রিয়েল জেসুস নাকি ভিক্টর গিয়েকেরেস—এ সিদ্ধান্তও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে ইউনাইটেড টানা ম্যাচে গোল করলেও অ্যাওয়ে ম্যাচে ক্লিনশিট না রাখতে পারা হতে পারে তাদের বড় দুর্বলতা।
ইতিহাস অবশ্য আর্সেনালের পক্ষেই কথা বলছে। তবু ফুটবলে ফর্ম আর মুহূর্তই অনেক সময় ইতিহাসকে পেছনে ফেলে দেয়। সিটি বধের পর আত্মবিশ্বাসে টইটম্বুর ইউনাইটেড সেই সুযোগটাই খুঁজবে—এমিরেটসে এসে শিরোপার লড়াইয়ে নতুন করে আগুন লাগাতে।
গতকাল রাতে প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ও উলভারহ্যাম্পটন। সর্বশেষ চার ম্যাচে তিন ড্র ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পরাজয়ের দগদগে ঘা নিয়ে ইতিহাদে টেবিলের তলানিতে থাকা উলভসকে আতিথ্য দেয় পেপ গার্দিওলার দল। সিটি নিজেরা জয়ের পর প্রার্থনা করবে যেন এমিরেটসে জয়লাভ করে ম্যানইউ।
স্প্যানিশ লা লিগায় গতকাল রাত ২টায় ভিয়ারিয়ালের মাঠে খেলেছে বার্সেলোনার চেয়ে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ। জিতে থাকলে লস ব্লাঙ্কোসরা এখন টেবিলের শীর্ষে। আজ রাতে অবশ্য ওভেইদোর বিপক্ষে জিতে সেই শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ পাবে বার্সেলোনা। আজ রিয়াল হারলে তো কথাই নেই। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল বার্সেলোনা, সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল রিয়াল মাদ্রিদ।
ইতালির সিরি-এ লিগে টেবিলের শীর্ষে অবস্থান করছে ইন্টার মিলান। শুক্রবার পিসাকে ৬-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে নেরাজ্জুরিরা। ২২ ম্যাচে তাদের সংগ্রহ এখন ৫২ পয়েন্ট। এরপরে এসি মিলান (৪৬), নাপোলি (৪৩) ও রোমা (৪২)। আজ ব্যবধান কমাবে অন্যরা। বাংলাদেশ সময় রাত ১১টায় জুভেন্টাস ও নাপোলি এবং রাত পৌনে ২টায় রোমা ও এসি মিলান মুখোমুখি হবে।
জার্মান বুন্দেসলিগায় ১৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড। ফ্রেঞ্চ লিগ ওয়ানে শীর্ষে অবস্থান করছে বর্তমান ফরাসি ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ১৮ ম্যাচে তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লেন্স।










