ওয়েস্ট ইন্ডিজকে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ৯ উইকেটে হারিয়ে দেয়া আয়ারল্যান্ড সুপার টুয়েলভে খেলার দলগুলোকে বিশেষ বার্তাই দিয়েছিল। যদিও সুপার টুয়েলভের প্রথম ম্যাচে তাদের খড়কুটোর মতোই উড়িয়ে দিল শ্রীলংকা। হোবার্টে আজ আইরিশদের ৯ উইকেটে হারিয়েছে সিংহলিজরা। আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১২৮ রানের সাদামাটা সংগ্রহ পায় আয়ারল্যান্ড। জবাবে লংকানরা ৩০ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়।
টস জিতে ব্যাটিং নেয়া আইরিশদের শুরু থেকেই চাপে ফেলে দেন শ্রীলংকার বোলররা। দলীয় এক রানের মাথায় অধিনায়ক অ্যান্ডি বলবির্নি বোল্ড হয়ে যান পেসার লাহিরু কুমারার বলে। এরপর পেস ও স্পিনের সাঁড়াশি আক্রমণে নিয়মিত উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। রান তোলার গতিও শ্লথ হয়ে পড়ে। ১০ ওভার শেষে ইউরোপের দলটির সংগ্রহ দাঁড়ায় ৬০/৪।
হ্যারি টেক্টর
(৪৫) ও জর্জ ডকরেল (১৪) হাল ধরে দলের সংগ্রহটা একশ পার করে দিলেও শেষ তিন ওভার থেকে প্রত্যাশিত রান তুলতে পারেনি আইরিশরা। ফলে ১২৮ রানেই থেকে যায় চাকা। মহেশ থিকসানা ও হাসারাঙ্গা ডি সিলভা দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা, চামিকা করুনারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভা।
এরপর কুশল মেন্ডিসের রাজসিক হাফসেঞ্চুরি (৪৩ বলে ৬৮*) শ্রীলংকাকে সহজ জয় এনে দেন। পাঁচটি চার ও তিনটি ছক্কায় ইনিংসটি সাজান কুশল। ধনঞ্জয়া ডি সিলভা ৩১ ও চারিথ আসালঙ্কা সমান ৩১ রান করেন।
আগের ম্যাচে ৪৪ বলে ৭৯ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। আজও ম্যাচসেরা কুশল মেন্ডিস। জয় শেষে তিনি রংকান বোলারদেরই কৃতিত্ব দিলেন। ডানহাতি এই ব্যাটার বলেন, বোলাররা সত্যিই বেশ ভালো করেছে। টার্গেটটা ছোট হলেও আমি সহজাত খেলাটাই খেলেছি। দল থেকে আমাকে বলা হয়েছে, প্রথম ছয় ওভার খেলতে এবং এরপর সম্ভব হলে ১০ ওভার পর্যন্ত টিকে থাকতে। রান রেটেন কথা মাথায় রেখে ছক্কা ও চার মারতে চেয়েছি। আমরা ১৭ ওভারের মধ্যে কাজ সম্পন্ন করতে চেয়েছি।
আজ মেলবোর্নে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৫৯ রান তুলেছে পাকিস্তান। ইফতিখার আহমেদ ৩৪ বলে ৫১ ও শান মাসুদ ৪২ বলে ৫২ রান করেন। অর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া তিনটি করে উইকেট নেন।










