‘এ’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সেমিফাইনাল খেলা আগেই নিশ্চিত হয়েছে। ‘বি’ গ্রুপ থেকে অপেক্ষায় ছিল তিন দল। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেবিলের শীর্ষস্থানটি ছিল ইংলিশদের। অথচ এই ইংলিশদের বিদায় করে দিয়ে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে সেমিতে উঠে গেল ক্যারিবীয় মেয়েরা!

আজ দুবাইতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে হেইলি ম্যাথিউসের দল। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ন্যাট শিভার-ব্রান্ট সর্বোচ্চ ৫৭ রান করেন। অ্যাফি ফ্লেচার তিনটি ও ম্যাথিউস দুটি উইকেট নেন। জবাবে কিয়ানা জোসেফ (৩৮ বলে ৫২) ও হেইথি ম্যাথিউসের (৩৮ বলে ৫০) ব্যাটে ভর করে ১২ বল বাকি থাকতে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে ডেন্ড্রা ডট্টিন ১৯ বলে ২৭ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

১৭ অক্টোবর দুবাইতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, পরদিন শারজায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। ২০ অক্টোবর দুবাইতে ফাইনাল।