বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল-২০২৩) টানা
দ্বিতীয় জয় তুলে নিয়ে প্লে-অফে খেলার
আশা বাঁচিয়ে রাখল খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়েছে ইয়াসির আলীর দল।
ঢাকা পর্বে প্রথম দুই ম্যাচেই হেরে বসে
খুলনা। চট্টগ্রামেও নিজেদের প্রথম ম্যাচে তারা হারের স্বাদ পায়। এরপর ঘুরে দাঁড়ায়
দলটি। ওয়াহাব রিয়াজের বোলিং নৈপুন্যে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে উড়িয়ে দেয়ার পর আজ
স্বাগতিক শহরের দল চ্যালেঞ্জার্সকেও তারা বড় ব্যবধানে হারাল। এই জয়ের পর ৫ ম্যাচ
থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠেছে খুলনা। ৬ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে পাঁচ
নম্বরে নেমে গেছে চট্টগ্রাম।
টস হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম আজ ৯
উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে সমর্থ হয়। পাকিস্তানি খেলোয়াড় উসমান খানের ব্যাট থেকে
আসে সর্বোচ্চ ৪৫ রান। ৩১ বলে ৭টি বাউন্ডারি ও ১ ছক্কায় তিনি এই রান করেন। এছাড়া
আফিফ হোসেন ৩১ বলে ৩৫, দারউইস
রাসুলি ২৬ বলে ২৫ ও ফরহাদ রেজা ৯ বলে ২১ রান করেন। আগের ম্যাচে ৪ উইকেট শিকার করা
ওয়াহাব রিয়াজ আজও ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪টি উইকেট নেন। মোহাম্মদ সাইফউদ্দিন নেন ২টি
উইকেট।
জবাব দিতে নেমে শূন্য রানেই মুনিম
শাহরিয়ারকে হারায় খুলনা। এরপরও তারা সহজ জয় পায় মাহমুদুল হাসান জয় (৪৪ বলে ৫৯) ও তামিম ইকবালের (৩৭ বলে ৪৪) ব্যাটে ভর করে। এই দুজন আউট হয়ে
গেলে ইয়াসির আলী (১৭ বলে
৩৬*) ও আজম খান ((১৬ বলে ১৫)
দলকে জয়ের বন্দরে নোঙর করান। ম্যাচসেরা হন মাহমুদুল হাসান।
আজ সন্ধ্যায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে
ঢাকা ডমিনেটর্স। এই ম্যাচের মধ্য দিয়েই এবারের বিপিএলে শেষ হবে চট্টগ্রাম পর্ব।
সোমবার শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ঢাকার দ্বিতীয় পর্ব।










