বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ উদ্বোধনী দিন আবাহনীকে ৭ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। এছাড়া নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। তারা হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। ১৩ বছর পর শীর্ষ লিগে ফেরা সিটি ক্লাবকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

মিরপুরে সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে নাঈম শেখের সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ২৫৫ রান তোলে আবাহনী। ১৩২ বলে ১০ চার ২ ছক্কায় ১১৫ রানের ইনিংস খেলেন নাঈম। চলতি লিগে এটাই প্রথম সেঞ্চুরি। যদিও আবাহনীর হারে বিফলেই যায় তার সেঞ্চুরি। জাকির হাসানের সেঞ্চুরি (১১৭) ও মিজানুর রহমানের হাফসেঞ্চুরিতে (৯৩) ভর করে ৪২ ওভারের মধ্যেই জয় নিশ্চিত করে রূপগঞ্চ টাইগার্স।

বিকেএসপিতে দিনের আরেক ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৫০ রানে হারায় সিটি ক্লাবকে। এনামুল হক বিজয়ের হাফসেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২৬৫ রান তোলে প্রাইম ব্যাংক। জবাবে সিটি ক্লাব ৪৫.২ ওভারে ২১৫ রানে গুটিয়ে যায়। মেহেদী হাসান এক ছক্কা ও ২ চারে ১৬ বলে ২৭ রান করেন। পরে অফ স্পিনে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনিই।

ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ খেলোয়াড় নাঈম ইসলামের ৯২ রানে ভর করে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৪৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। আগে ব্যাটিং করে লেজেন্ডস অব রূপগঞ্জ ৫০ ওভারে ৭ উইকেটে ২৯১ রান তোলে। সাব্বির রহমান ২৫ বলে ৫ চার ও এক ছক্কায় খেলেন ৪২ রানের বিস্ফোরক ইনিংস। এছাড়া রকিবুল হাসান ৪৬ রান করেন। জবাব দিতে নেমে ৩০.৪ ওভারে ১৪৪ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। সর্বোচ্চ ৩৩ রান করেন মাহমুদুল হাসান।

এদিকে, মিরপুরে আগামীকাল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ জাতীয় দলের সঙ্গে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থায় করায় মোহামেডান প্রথম কয়েকটি রাউন্ড তাদের পাচ্ছে না। তবে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ চলে আসায় শক্তি বাড়ছে মোহামেডানের। আর সৌম্য সরকার ও শুভাগত হোম তো রয়েছেনই। আজ মোহামেডানে চুক্তিতে সই করেন হাফিজ।

কাল বিকেএসপিতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।