অ্যান্টিগার নর্থ সাউন্ডে শুক্রবার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই বিপাকে ফেলে দিয়েছিলেন তাসকিন আহমেদ। ২৫ রানে ক্রেগ ব্র্যাথওয়েট ও কিসি কার্টিকে ফেরান সাজঘরে তিনি। ক্যারিবীয়রা কিছুটা স্থিতি আনার পর ৮৪ রানে তৃতীয় উইকেটের পতন। তাইজুল-লিটনের যুগলবন্দিতে রানআউট হয়ে যান কাভেম হজ। এরপর ১৪০ রানের জুটিতে বাংলাদেশকে হতাশ করেন মিকাইল লুইস ও অলিক আথানাজ। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে দুজনই আউট হয়ে যান। তাদের সাজঘরে ফিরিয়ে দিনশেষে স্বস্তি ফেরে টাইগার শিবিরে। আজ কত রানে স্বাগতিকদের আটকাতে পারবে অতিথিরা?
আজ শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
২২১ বলে ১৪০ রানের দারুণ এক জুটিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দুশ পার করেন লুইস ও আথানাজ। যদিও শেষ বিকেলে এই দুজনকেই সাজঘরে ফিরিয়ে হাসি ফেরে মিরাজদের মুখে। মিকাইল ছুটছিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিকে। যদিও তাকে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত করেছেন মিরাজ। তার বলে স্লিপে শাদাহাত হোসেনকে ক্যাচ তুলে দেন লুইস। দশম টেস্টে প্রথম সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন অলিক আথানাজ। তাকেও হতাশ করে বাংলাদেশ। এবার তাইজুল ইসলাম। প্যাডেল সুইপ খেলতে গিয়ে আথানাজ ক্যাচ দেন উইকেটকিপার লিটন দাসকে।
দুই সেট ব্যাটারের বিদায়ে স্বস্তি ফেরে বাংলাদেশ দলে। ৮৪ ওভারের প্রথম দিন ৫ উইকেটে ২৫০ রান নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ। জসুয়া ডি সিলভা ১৪ ও জাস্টিন গ্রেভস ১১ রান নিয়ে আজ ফের ব্যাটিংয়ে নামবেন।
বাংলাদেশের হয়ে তাসকিন দুটি এবং মিরাজ ও তাইজুল একটি করে উইকেট নেন।










