গল টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৯৫ রান করেও ছিল অস্বস্তি আর অনিশ্চয়তায়। শ্রীলংকার জন্য এ রান টপকে আরো বহুদূর যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। যদিও গতকাল দুর্দান্ত বোলিং সাফল্যে শ্রীলংকার স্কোরটা নাগালের মধ্যেই রাখতে পেরেছে বাংলাদেশ। নাঈম হাসানের ঘূর্ণি আর হাসান মাহমুদের গতিতে লংকানদের লোয়ার অর্ডার ধসে পড়লে তারা গুটিয়ে যায় ৪৮৫ রানে। অতিথিরা ৩ উইকেটে ১৭৭ রান তুলে চতুর্থ দিন মাঠ ছাড়ে। দুই ইনিংস মিলে টাইগারদের লিড ১৮৭ রানের। ফিফটি করে বাংলাদেশের জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।

প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া এনামুল হক বিজয় দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। ৪ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। এরপর দলকে আশা দেখালেও ইনিংসটা বড় করতে পারেননি সাবেক অধিনায়ক মুমিনুল হক (১৪)। সাদমানকে নিয়ে ৩৬ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি। দুই উইকেট পতনের পর শান্তর সঙ্গে ৬৮ রানের পার্টনারশিপ গড়েন সাদমান। ১২৬ বলে ৭৬ রান করে পেসার মিলান রত্নায়েকের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।

সাদমানের বিদায়ের পর মুশফিকুর রহিমকে (২২*) নিয়ে বোর্ডে ৪৯ রান তুলে নিরাপদেই দিন পার করেন শান্ত (৫৬*)। তাদের দুজনের দৃঢ়তায় ক্রমেই শ্রীলংকার জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে বাংলাদেশের আশা বাড়ছে। আজ সকালে বড় ধরনের পতন না হলে বাংলাদেশের হারের সম্ভাবনা ক্ষীণই। বরং দুশোর্ধ্ব লিড নিয়ে শ্রীলংকাকেই চাপে রাখবে টাইগাররা।