অ্যাশেজ সিরিজে
অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হওয়ার পর কোচিং প্যানেল থেকে শুরু করে স্কোয়াডেও
ব্যাপাক পরিবর্তন এনেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। তিন ম্যাচ টেস্ট সিরিজ
খেলতে চলতি মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড। এজন্য ১৬ সদস্যের
দল ঘোষণা করেছে ইসিবি।
দলে জায়গা হয়নি
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের দুই সেরা পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের।
অন্য ব্যটারদের চেয়ে তুলনামূলক ভালো ব্যাটিং করেও জায়গা হয়নি ডেভিড মালানের।
বাদ পড়েছেন অ্যাশেজ সিরিজের আরো ছয়জন। তাদের পরিবর্তে দলে ডাকা হয়েছে নতুন মুখ উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্স লিস, পেসার ম্যাট ফিশার, ম্যাট পারকিনসন ও সাকিব মাহমুদকে। তারা অভিষেকের অপেক্ষায় আছেন। ডাকা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকসকেও।
অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। এরপর ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড, ডিরেক্টর অ্যাশলে গিলস ও সহকারী কোচ গ্রাহাম থর্পে পদত্যাগ করেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অলরাউন্ডার পল কলিংউড। আর ক্রিকেট ডিরেক্টর হয়েছেন সাবেক ব্যাটার অ্যান্ড্রু স্ট্রউস।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড টেস্ট দল: জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জ্যাক ক্রাউলি, ম্যাথিউ ফিশার, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, আলেক্স লিস, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথিউ পারকিনসন, অলি পোপ, অলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।










