দক্ষিণ আফ্রিকায় ২০২৩ সালে অনুষ্ঠিত মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ায় বাংলাদেশি ক্রিকেটার সোহেলী আক্তারকে ৫ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় আইসিসি।

আইসিসি জানিয়েছে, সোহেলী আক্তার আইসিসির দুর্নীতি-বিরোধী পাঁচটি নীতি লঙ্ঘনের কথা স্বীকার করেছেন। তিনি নিজের বিরুদ্ধে আনীত অভিযোগের কথা স্বীকার করে আইসিসির শাস্তি মেনে নিয়েছেন। তার নিষেধাজ্ঞার মেয়াদ ১০ ফেব্রুয়ারি শুরু হয়েছে।

৩৬ বছর বয়সী সোহেলী ২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাংলাদেশের হয়ে। যদিও সর্বশেষ ম্যাচ খেলেন ২০২২ সালে অক্টোবরে। ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সাবেক সতীর্থ লতা মণ্ডলকে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন। কিন্তু লতা ওই প্রস্তাবে সাড়া দেননি। নিয়ম মেনে লতা আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) বিষয়টি জানান। ওই সময় সোহেলী সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছিলেন, তিনি সতীর্থ লতাকে মজা করে মিথ্যা মিথ্যা প্রস্তাব দিয়েছিলেন। যে কারণে নিজে ফেঁসে যাচ্ছেন। যদিও আইসিসির তদন্তের পর তিনি দোষ স্বীকার করে নিয়েছেন।