আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। গতকাল টস জিতে আগে ফিল্ডিং নেয়া ভারত অতিথিদের আটকে দেয় মাত্র ১৭৬ রানে। নিজেদের হাজারতম ওয়ানডে ম্যাচটিতে ৬ উইকেট ও ১৩২ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে রোহিত শর্মার দল।
লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল ৪৯ রানে চারটি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দুশর মধ্যে বেধে ফেলতে অগ্রণী ভূমিকা রাখেন। এছাড়া অফস্পিনার ওয়াশিংটন সুন্দর ৩০ রানে তিনটি ও প্রসিদ্ধ কৃষ্ণ ২৯ রানে দুটি উইকেট নেন। মোহাম্মদ সিরাজ নেন একটি উইকেট। ভারতের দুই স্পিনার মিলিতভাবে নেন সাত উইকেট। ২০১৯ সালের পর এই প্রথম কোনো ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেটের বেশি নেন স্পিনাররা।
৭৯ রানের মধ্যে ৭ উইকেটের পতন হওয়ার পর জেসন হোল্ডার (৭১ বলে ৫৭) ও ফাবিয়ান অ্যালেনের (৪৩ বলে ২৯) ব্যাটে ভর করে বড় লজ্জা এড়ায় ক্যারিবীয়রা। যদিও এই রান দিয়ে ব্যাটিং শক্তিধর ভারতকে মোটেও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি অতিথি দলটির বোলাররা। রোহিত শর্মার হাফ সেঞ্চুরি (৫১ বলে ৬০) ভারতের সহজ জয় নিশ্চিত করে। ১০টি বাউন্ডারি ও এক ছক্কায় ইনিংসটি সাজান ভারতীয় দলনায়ক। এছাড়া সূর্যকুমার যাদব ৩৪, ঈষাণ কিষাণ ২৮ ও দীপক হুদা ২৬ রান করেন।
একই মাঠে বুধবার দ্বিতীয় ও শুক্রবার তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে তিন ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।










