চলতি ইউএস ওপেনের নারী এককের
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা সিয়ানতেককে বিদায় করলেন ইয়েলেনা ওস্তাপেঙ্কো। আজ সোমবার
ভোরে টুর্নামেন্টের শীর্ষ বাছাই পোলিশ তারকাকে ৩-৬, ৬-৩, ৬-১ গেমে হারান লাটভিয়ান
২০তম বাছাই খেলোয়াড়টি।
২০১৭ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন
ওস্তাপেঙ্কো ছিলেন নির্ভীক ও আগ্রাসী। তিনি মোট ৩১টি উইনার মেরেছেন। বিপরীতে ভুলের
পর ভুল করেছেন ইগা। দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালে নাম
লেখালেন ওস্তাপেঙ্কো। এই প্রথম ইউএস ওপেনের শেষ আটে নাম লেখালেন ২৬ বছর বয়সী খেলেয়াড়।
কোয়ার্টার ফাইনালে আমেরিকান
খেলোয়াড় কোকো গাফের মুখোমুখি হবেন ওস্তাপেঙ্কো। কোকো হারিয়েছেন অবসর ভেঙে ফেরা
ডেনিশ খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকিকে।
ইউএস ওপেনের এই পরাজয়ে র্যাংকিংয়ের
শীর্ষস্থানও হারিয়েছেন ইগা। ইউএস ওপেন শেষে তার জায়গা নেবেন বেলারুশের আরিনা
সাবালেঙ্কা।
হার শেষে ২২ বছর বয়সী ইগা
বলেন, ‘আমি খুবই বিস্মিত যে, দ্রুতই আমার খেলার মান নেমে গেল। সচরাচর আমি শুরুতে
খারাপ খেলি এবং পরে কোনোভাবে সেটি সমাধানও করে ফেলি। কিন্তু এবার ঘটল উল্টো। আমি সত্যিই
জানি না, কী ঘটল। হঠাৎই আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি।’
ওস্তাপেঙ্কোর সঙ্গে আগের
তিনবারের মুখোমুখিতে প্রতিবারই হেরেছেন ইগা। যদিও ২০২২ সালের ফেব্রুয়ারির পর এই
প্রথম দেখা দুজনের। তখন থেকে টানা ৩৭ জিতে র্যাংকিংয়ের শীর্ষে উঠে যান পোলিশ
সুপারস্টার।
ওস্তাপেঙ্কোর শক্তিশালী
সার্ভে নাজেহাল হয়েছেন ইগা।
এদিকে, ছেলেদের এককে দ্বিতীয়
বাছাই নোভাক জোকোভিচ ক্রোয়েশিয়ার কোয়ালিফায়ার বরনা গোহোকে ৬-২, ৭-৫, ৬-৪ গেমে
হারিয়ে শেষ আটে উঠেছেন। শেষ আটে তিনি খেলবেন যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিৎজের
বিপক্ষে।










