২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারের স্বাদ দেয় নেদারল্যান্ডস। ক্রিকেটের ‘চোকার্স’খ্যাত প্রোটিয়ারা এখন ডাচদের সামনে পড়া মানেই স্নায়ুচাপ তৈরি হতে থাকে। আজও নিউইয়র্কে স্নায়ুচাপের মুখে পড়ে এইডেন মার্করামের দল। যদিও সেই চাপকে জয় করতে পেরেছে তারা। ডেভিড মিলারের লড়াকু ফিফটিতে ভর করে ৪ উইকেটের কষ্টার্জিত জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

 

বাজে পিচের কারণে সমালোচনার মুখে পড়া নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ৯ উইকেটে ১০৩ রান তুলতে সমর্থ হয় ডাচরা। সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট সর্বোচ্চ ৪০ রান করেন ৪৫ বলের মোকাবেলায়। প্রোটিয়া বোলারদের মধ্যে ওট্টনিল বার্টম্যান ১১ রানে চারটি উইকেট নেন। এছাড়া মার্কা ইয়ানসেন ও এনরিখ নরকিয়া দুটি করে উইকেট নেন।

 

রান তাড়া করতে নেমে ৩ রানে তিনটি ও ১২ রানে চারটি উইকেট হারিয়ে ভয়াবহ বিপর্যয়ে মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। বিপদের সময় দলকে টানেন ডেভিড মিলার ও ত্রিস্তান স্টাবস। এ দুজন ৭২ বলে ৬৫ রান যোগ করার পর আবার উইকেটের পতন। স্টাবস ৩৩ রান করে সাজঘরে ফেরেন। দলীয় ৮৮ রানে ইয়ানসেনও তার পথ অনুসরণ করেন।

 

শেষ ১২ বলে ১৬ রানের প্রয়োজন ছিল প্রোটিয়াদের। যদিও মিলারের ঝড়ো ব্যাটিংয়ে ৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ফেলে প্রোটিয়ারা। ৫১ বলে ৫৯ রান করেন তিনি।