লাতিন মহাদেশের প্রথম দল হিসেবে ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট আগামীকাল শুক্রবার নিশ্চিত করে ফেলতে পারে ব্রাজিল। এদিন ঘরের মাঠ অ্যারেনা করিন্থিয়ানসে কলম্বিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। আগামী কয়েকদিনের মধ্যে বিশ্বকাপ টিকিট নিশ্চিত করে ফেলতে পারে আর্জেন্টিনাও, যদিও সেজন্য অন্য কয়েকটি ম্যাচের ফল তাদের পক্ষে যেতে হবে।
শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল, যারা ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা আর্জেন্টিনা শনিবার ভোর ৫টায় উরুগুয়ের মাঠে খেলবে। টেবিলে এরপর যথাক্রমে একুয়েডর (১৭), কলম্বিয়া (১৬), উরুগুয়ে (১৬), চিলি (১৩), বলিভিয়া (১২), প্যারাগুয়ে (১২), পেরু (১১) ও ভেনেজুয়েলা (৭)।
কাল কলম্বিয়ার বিপক্ষে ন্যূনতম এক পয়েন্ট পেলেই মূল পর্বের টিকিটি পাবে ব্রাজিল, তবে এজন্য পরদিন উরুগুয়েকে হারতে হবে আর্জেন্টিনার কাছে। এছাড়া নিজেদের পরবর্তী দুটি ম্যাচে টানা জিতলে এমনিতেই সরাসরি কাতার বিশ্বকাপের টিকিট পাবে তিতের ব্রাজিল। তাদের দ্বিতীয় ম্যাচটি আর্জেন্টিনার মাঠে, যেখানে গত দুটি সফরে তারা অপরাজিত (একটি জয় ও একটি ড্র)।
শুক্রবার জিতলে ব্রাজিলের পয়েন্ট হবে ১২ ম্যাচে ৩৪, উরুগুয়ের এখন ১২ ম্যাচে ১৬। আর্জেন্টিনার কাছে হারলে পঞ্চম স্থানধারী উরুগুয়ের পক্ষে বাকি ৫ ম্যাচে ব্রাজিলকে ছোঁয়া সম্ভব হবে না। কাজেই নেইমাররা পাবেন বিশ্বকাপের টিকিট।
আর্জেন্টিনাও পরবর্তী দুটি ম্যাচ জিতে উঠে যেতে পারে কাতার বিশ্বকাপের মূল পর্বে, যদিও এজন্য কিছু ফলাফল তাদের পক্ষে যেতে হবে, যাতে চার রাউন্ড বাকি থাকতে পঞ্চম স্থানধারী দলের চেয়ে তারা ১২ পয়েন্টে এগিয়ে থাকে।
উরুগুয়ের বিপক্ষে তিন ম্যাচে অপরাজিত লিওনেল মেসিদের আর্জেন্টিনা।










