যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত বাস্কেটবল লিগ এনবিএর ইতিহাসে অন্যতম সফল দল লস অ্যাঞ্জেলেস লেকার্স। তারা ১৭টি চ্যাম্পিয়নশিপ জিতেছে। এনবিএর ইতিহাসে সর্বোচ্চ ১৮টি লিগ শিরোপা জিতেছে লেকার্সের চিরপ্রতিদ্বন্দ্বী বোস্টন সেল্টিকস। লেকার্সে খেলেছেন ম্যাজিক জনসন, কোবে ব্রায়ান্ট ও লেব্রন জেমসের মতো নন্দিত তারকা। তাদের হাত ধরে অবিস্মরণীয় মুহূর্ত আর রেকর্ড দেখেছেন লেকার্সের সমর্থকরা। এবার সবচেয়ে ব্যয়বহুল দলের স্বীকৃতি পেতে চলেছে লেকার্স। ক্লাবটির মালিকানা বদল হতে চলেছে। চুক্তি চূড়ান্ত হলেই লেকার্সের মূল্যমান দাঁড়াবে ১০ বিলিয়ন ডলারে (প্রায় ১ লাখ ২২ হাজার ১৯২ কোটি টাকা)।

ভিত্তিমূল্য হিসেবে পুরো দলকে ১ হাজার কোটি ডলারের সম্পদ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং সে মূল্যের ভিত্তিতেই বিক্রি করা হবে মালিকানার শেয়ার। বৃহদংশ শেয়ার কিনে ফ্র্যাঞ্চাইজিটির নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন ইংলিশ ক্লাব চেলসির সহমালিক মার্ক ওয়াল্টার। চুক্তি সই হলেই ক্রীড়া ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও দামি ফ্র্যাঞ্চাইজির সম্মান লাভ করবে লেকার্স। ইএসপিএন, রয়টার্স ও এপির খবরে বলা হয়েছে, গাগেনহেইম পার্টনার্সের সিইও মার্ক ওয়াল্টারের কাছে এলএ লেকার্স বিক্রি নিয়ে চুক্তি হয়েছে বর্তমানে বৃহদংশ শেয়ারের মালিক বাস পরিবারের।

এ যেন হলিউড সিনেমাকেও হার মানানো গল্প। আজ থেকে ৪৬ বছর আগে আমেরিকান ব্যবসায়ী ও কেমিস্ট জেরি বাস ৬ কোটি ৭৫ লাখ ডলারে (বর্তমান বিনিময় হারে প্রায় ৮২৪ কোটি টাকা) লস অ্যাঞ্জেলেস লেকার্স কিনে নেন, আগে যার নাম ছিল মিনিয়াপোলিস লেকার্স। সেই থেকে লেকার্স হয়ে ওঠে একটি ব্র্যান্ড, যে ব্র্যান্ডে যুক্ত হওয়ার স্বপ্ন দেখে বাস্কেটবলের শীর্ষ তারকারা। লেকার্সের হয়ে কোর্টে লড়ে যান বাস্কেটবলের সুপারস্টাররা, আর দর্শকের সারিতে হাস্যোজ্জ্বল উপস্থিতি হলিউড আর রাজনীতিসহ নানা অঙ্গনের তারকাদের।

২০১৩ সালে ৮০ বছর বয়সে মারা যান জেরি বাস। মৃত্যুর আগে বাস ফ্যামিলি ট্রাস্টের মাধ্যমে সন্তানদের ক্লাবটির ৬৬ শতাংশ মালিকানা দিয়ে যান তিনি। ট্রাস্টের শর্ত ছিল এ রকম—ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করতে হলে ছয় সন্তানকেই একমত হতে হবে। জেরির ছয় সন্তানই লেকার্স বিক্রিতে একমত হয়েছেন। অবশেষে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সেরা এ বাস্কেটবল দলটিতে বাস পরিবারের কর্তৃত্বেরও অবসান হতে চলেছে। যদিও জেরির ছয় সন্তানের একজন জেনি বাস লেকার্সের গভর্নরের দায়িত্ব পালন করে যাবেন।

বৃহদংশ শেয়ার বিক্রির পরও জেনির হাতে ১৫ শতাংশ থাকবে। এনবিএর নিয়মে রয়েছে, ন্যূনতম ১৫ শতাংশ শেয়ার থাকলেই কেবল একজন গভর্নর হতে পারবেন। এ হিসেবে জেনির গভর্নর থাকতে কোনো বাধা নেই।

খেলাধুলার জগতে ওয়াল্টার অবশ্য নতুন নন। তিনি মেজর লিগ বেসবলের দল লস অ্যাঞ্জেলেস ডজার্সের মালিক। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিতে তার শেয়ার রয়েছে। তিনি তো লেকার্সেও নতুন নন। ২০২১ সালে দলটির ২৭ শতাংশ শেয়ার কিনে নেন। এবার বৃহদংশ শেয়ার কিনে নিতে যাচ্ছেন। শক্তিশালী আর্থিক ভিত্তি রয়েছে তার। গ্লোবাল ইনভেস্টমেন্ট ফার্ম গাগেনহেইমের সিইও তিনি, যে ফার্ম ৩৩০ বিলিয়ন ডলারের (প্রায় ৪০ লাখ ৩২ হাজার ২৪৩ কোটি টাকা) সম্পদ ব্যবস্থাপনা করে থাকে। দ্য টেলিগ্রাফ বলছে, তিনি নিজে ৬ থেকে ১২ বিলিয়ন ডলারের মালিক।

ওয়াল্টারের সময় লস অ্যাঞ্জেলেস ডজার্স সময় দুটি ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়নশিপ জিতেছে। জাপানি খেলোয়াড় শোহেই ওহতানিকে ৭০ কোটি ডলারের রেকর্ড দামে কেনার পর তিনি সংবাদ শিরোনাম হয়েছেন, আলোচনায় এসেছেন। ওয়াল্টার ও টিডব্লিউজি গ্লোবাল কোম্পানি এলএ ডজার্স ও চেলসি ছাড়াও নানা খেলাধুলায় বিনিয়োগ করেছে। উইমেনস হকি লিগ ও ক্যাডিলাস ফর্মুলা ওয়ানে তাদের বিনিয়োগ রয়েছে।

এ বছরের শুরুর দিকে ৬১০ কোটি ডলারে (৭৪ হাজার ৫৩৭ কোটি টাকা) বিক্রি হয় লেকার্সের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বোস্টন সেল্টিকস। তারা ভেঙে দিয়েছিল এনএফএল ক্লাব ওয়াশিংটন কমান্ডার্সের রেকর্ড। ৬০৫ কোটি ডলারে বিক্রি হয়েছিল কমান্ডার্স। এবার সেল্টিকসের রেকর্ড ভেঙে ১ হাজার কোটি ডলারে বিক্রি হতে চলল লেকার্স। যদিও লেকার্স বিক্রি নিয়ে দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। যদিও এ নিয়ে কোনো কিছুই আর অজানা নয়।

লেকার্সের গার্ড লুকা ডনচিচ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘লেকার্স একটি অবিশ্বাস্য সংস্থা। আমি মার্কের (ওয়াল্টার) সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি এবং লেকার্সের ভবিষ্যৎ নিয়ে শিহরিত। এছাড়া আমাকে লেকার্সে স্বাগত জানানোয় জেনি ও বাস পরিবারের প্রতিও আমি কৃতজ্ঞ। আমি এটা জেনে আনন্দিত যে জেনি দায়িত্ব পালন করে যাবেন।’

এলএ ডজার্সের ম্যানেজার ডেভ রবার্টস বলেছেন, ওয়াল্টার্সের কাছে বিক্রির বিষয়টি লেকার্স আর লস অ্যাঞ্জেলেস শহরের জন্যই চিত্তাকর্ষক। তিনি বলেন, ‘তিনি (ওয়াল্টার) খুবই প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা ধারণ করেন এবং প্রতি বছর চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়ার প্রত্যয় দেখা যাবে তার মধ্যে। আমি নিশ্চিত লেকার্সের জন্য এ শহরের মানুষ গর্ব করবে। যদিও এরই মধ্যে বাস পরিবারের মধ্যে অবিশ্বাস্য উত্তরাধিকার পেয়ে গেছে লেকার্স।’

লেকার্স গ্রেট, জেনি বাসের ঘনিষ্ঠ ও মার্ক ওয়াল্টারের ব্যবসায়িক পার্টনার ম্যাজিক জনসন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, ‘মার্ক ওয়াল্টারই যোগ্য ব্যক্তি এবং লেকার্স ব্র্যান্ডের সেরা তত্ত্বাবধায়ক হবেন। এরই মধ্যে এলএ ডজার্সের হয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন। গত ১২ বছরে দুটি ওয়ার্ল্ড সিরিজ আর ১১টি এনএল ওয়েস্ট ডিভিশনাল শিরোপা শোকেসে জমা করেছেন!’

গাগেনহেইমের অন্যতম বিনিয়োগকারী ম্যাজিক জনসন আরো বলেছেন, তিনি এটা নিশ্চিত যে লেকার্সের জন্য মার্ক ওয়াল্টার সঠিক কাজ করতে পারবেন বলে ধরে নিয়েই জেনি বাস এ চুক্তি করতে যাচ্ছেন। তার কথায়, ‘লেকার্স সমর্থকদের তো উচ্ছ্বসিত হওয়ার কথা। মার্কের ব্যাপারে আমি একটি কথা বলতে পারি—তিনি সবসময় জয়ের মানসিকতা ধারণ করেন, উৎকর্ষ তার পছন্দ এবং সবকিছু সঠিকভাবে করার চেষ্টা থাকে। এছাড়া জিততে যে রসদ লাগবে, সম্পদ লাগবে সেটা তিনি সঠিকভাবে প্রয়োগ করবেন। আমি বুঝতে পারছি কেন জেনি মার্ক ওয়াল্টারের কাছে দলটি বিক্রি করছেন। কারণ তারা দুজনই একই মানসিকতার, দুজনেরই হৃদয় বড়, উভয়ই প্রতিদান দিতে জানেন আর ভালোবাসেন পর্দার আড়ালে থাকতে।’

১৯৭৯ সাল থেকে লেকার্সের মালিকানায় রয়েছে বাস পরিবার। এত দীর্ঘ সময় অন্য কোনো পরিবারের এনবিএ ফ্র্যাঞ্জাইজির মালিকানায় থাকার নজির নেই। এনবিএ ফাইনালে ওঠা ইন্ডিয়ানা পেসার্সের মালিক হার্ব সাইমন ১৯৮৩ সালে ফ্র্যাঞ্চাইজিটি কিনেছিলেন। সময়ের হিসাবে এটি রয়েছে লেকার্সের পরেই। সূত্র: এপি, জিকিউ, রয়টার্স