ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী ভারতের মধ্যে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে এখন ২-২-এ সমতা। আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে শুরু হবে পঞ্চম ও শেষ টি২০ ম্যাচ। এই ম্যাচটি যারা জিতবে তাদের হাতেই উঠবে সিরিজের ট্রফি।

 

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ দুটো ভারত জিতে নেয়। এরপর নিজেদের প্রিয় ফরম্যাট টি২০ সিরিজে প্রথম দুই ম্যাচ টানা জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদ ও টোবাগোর তারুবায় প্রথম ম্যাচ ৪ রানে ও গায়ানার প্রভিডেন্সে দ্বিতীয় ম্যাচ ২ উইকেটে জিতে নেয় ক্যারিবীয়রা। সেই প্রভিডেন্সেই ঘুরে দাঁড়ায় ভারত। তৃতীয় ম্যাচে তারা ৭ উইকেটের জয় পায়। লডারহিলে চতুর্থ ম্যাচে আরো দাপট দেখায় হার্দিক পান্ডিয়ার দল। ১৭৯ রানের টার্গেট তারা ৯ উইকেট ও ১৮ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে!

 

উড়তে থাকা এই ভারতকে কি মাটিতে নামাতে পারবে ক্যারিবিয়ানরা?

 

এর আগে ওয়ানডে সিরিজটা ২-১-এ এবং টেস্ট সিরিজটা ১-০ ব্যবধানে জিতে নেয় ভারত।