পাকিস্তানকে হারিয়ে নিজেদের অভিষেক ওয়ানডে বিশ্বকাপ আসরে প্রথম জয় তুলে
নেয়া বাংলাদেশ নারী ক্রিকেট দল শুক্রবার ভোরে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টায়।
এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে হেরেছে ও একটিতে জিতেছে বাংলাদেশের
নারীরা। পাকিস্তানকে হারানোর পর আত্মবিশ্বাসী মেয়েরা এবার আগের ম্যাচের ভুলগুলো
শুধরে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ভালো করতে চায়।
অধিনায়ক নিগার সুলতানা আজ সংবাদ সম্মেলনে বলেন, আমার মনে হয়, এটা ভালো ব্যাপার। ওরা (ওয়েস্ট ইন্ডিজ) আমাদের চেনে না, আমরাও ওদের ব্যাপারে কিছু জানি না। এটা একটা
সুবিধা হতে পারে। ওরা জানে না, আমরা কীভাবে খেলি। আমরা আমাদের শক্তির জায়গায় আস্থা রেখে খেলব। সেভাবেই
পরিকল্পনা করব।
আগের ম্যাচের জয় প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, গত ম্যাচটা ছিল অসাধারণ। বিশ্বকাপে প্রথম
জয় ছিল দারুণ আনন্দের। আমরা সেই ম্যাচ ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা আগের ম্যাচের প্রাপ্তিগুলো নিতে চাই এবং
সেগুলো পরের
ম্যাচেও করতে চাই।
এদিকে বিশ্বকাপে দুর্দান্ত গতিতে ছুটছে দক্ষিণ আফ্রিকা। আজ স্বাগতিক
নিউজিল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে প্রোটিয়া নারীরা। আগে ব্যাটিং করে ২২৮ রানে
গুটিয়ে যায় কিউইরা। অধিনায়ক সোফি ডিভাইন করেন ১০১ বলে ৯৩ রান, অ্যামেলিয়া কের করেন ৪২ রান। সাবনিম
ইসমাইল ও আয়াবোঙ্গা খাকা নেন তিনটি করে উইকেট। জবাবে ৩ বল বাকি থাকতে ৮ উইকেট
হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। লরা উলভার্ট ৬৭ ও অধিনায়ক সুনে লাস ৫১
রান করার পর মারিয়ানে ক্যাপ হার না মানা ৩৪ রান করে দলকে জিতিয়েছেন। এর আগে বল
হাতে ৪৪ রানে নেন দুই উইকেট। অলরাউন্ড নৈপুন্যে ক্যাপ হয়েছেন ম্যাচসেরা।
এ নিয়ে চার ম্যাচের চারটিতেই জিতল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াও তাদের
সমান চারটি ম্যাচ জিতে রয়েছে টেবিলের শীর্ষে।










