ফিফা নারী বিশ্বকাপে আজ নবাগত পানামাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শুভসূচনা করেছে ব্রাজিল। অ্যারি বোরহেস হ্যাটট্রিক করে দলের জয় নিশ্চিত করেন, একবার লক্ষ্যভেদ করেন বিয়া জানেরাতো।

 

নারী বিশ্বকাপে মাত্র চতুর্থ ব্রাজিলীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেন বোরহেস। ম্যাচের ১৯ মিনিটে তার গোলে লিড নেয় ব্রাজিল। ৩৯ মিনিটে ব্যবধান ২-০ করেন তিনি। দুটি গোলই করেন বামপ্রান্ত থেকে ডেবিনহার বাড়ানো ক্রসে হেড করে। ৪৮ মিনিটে জানেরাতোকে দিয়ে করিয়েছেন দলের তৃতীয় গোল।৭০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন বোরহেস। তৃতীয় গোলটিও হেডে করেন তিনি।

 

ব্রাজিল দারুণ এক রেকর্ড সংহত রাখল। নয়টি বিশ্বকাপেই নিজেদের প্রথম ম্যাচে জয়ের কৃতিত্ব দেখাল লাতিনরা। আরেক ম্যাচে ফ্রান্স ও জ্যামাইকা ড্র করায় ‘এফ’ গ্রুপ থেকে তাদের নকআউটে উত্তরণের সম্ভাবনা উজ্জ্বল।  


 

শুরুতে নামার সুযোগ পাননি। ৭৫ মিনিটে বোরহেসের বদলি হিসেবে মাঠে নামেন নারী ফুটবল ইতিহাসেরই সেরা স্ট্রাইকার বিবেচিত মার্তা।এটি তার ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ। নারী ও পুরুষ মিলিয়ে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। আজ তিনি শেষ ১৫ মিনিট খেলে গোলের দেখা পাননি। অবশ্য নারীদের বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটা তারই দখলে। তিনি করেছেন ১৭ গোল।

 

বিশ্বকাপে ব্রাজিল একবারই ফাইনালে ওঠে। ২০০৭ সালের ফাইনালে মার্তার ব্রাজিল হেরে যায় জার্মানির কাছে। ২০১১ সালে তারা বিদায় নেয় কোয়ার্টার ফাইনালে। পরের দুই আসরে তাদের বিদায় ঘটে শেষ ষোলো রাউন্ডে।