ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালস ঘুরে এবার তিনি খেলছেন দিল্লি ক্যাপিটালসে। আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলবে মুস্তাফিজের দল। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেছেন বামহাতি পেস বোলার। আশানুরূপ ফল না পাওয়ায় গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েন তিনি। যে ম্যাচে তার দল ২১ রানের জয় পেয়েছে। তাই চেন্নাইয়ের বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় রয়েছে।

চলতি আসরে দুবার তিন উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ২ এপ্রিল নিজের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে ২৩ রানে নিয়েছিলেন তিন উইকেট। এরপর চার ম্যাচে থাকেন উইকেটশূন্য। পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে নেন একটি করে উইকেট। ২৮ এপ্রিল কলকাতার বিপক্ষে নেন তিন উইকেট। সব মিলিয়ে এবারের মিশনে এখন পর্যন্ত ৩০.৫০ গড়ে নিয়েছেন ৮ উইকেট। তার দল ১০ ম্যাচে পাঁচটি করে জয়-পরাজয়ে আছে টেবিলের পাঁচ নম্বরে। প্লে-অফ খেলা নিয়েও শঙ্কায় ঋষভ পন্তের দল। গুজরাট ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।

বিস্ময়কর হলেও সত্য, টুর্নামেন্টের সবচেয়ে সফল দল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ১০ ম্যাচের আটটিতে হেরে টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে। ৬ পয়েন্ট নিয়ে তাদের এক ধাপ ওপরে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।