এশিয়া কাপ টি-টোয়েন্টিতে গতকাল আবুধাবিতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠা শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচে ১১৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল আফগানরা। তাতে আশা বাড়ছিল বাংলাদেশের। যদিও মোহাম্মদ নবির শেষ মুহূর্তের ঝড়ে ম্যাচে ফেরে রশিদ খানের দল। লংকান স্পিনার দুনিত ভেলালাগের করা ২০তম ওভার থেকেই ৩২ রান তুলে তিনি দলকে এনে দেন ১৬৯ রানের বড় পুঁজি। ওই এক ওভারেই পাঁচটি ছক্কা মারেন নবি। যদিও নবির বীরত্ব বিফলেই যায়। আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশকে নিয়েই সুপার ফোরে উঠেছে লংকানরা।

সিংহলিজদের জয়ে বিদায় নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। তিন ম্যাচে শ্রীলংকার সংগ্রহ ৬ পয়েন্ট, বাংলাদেশের ৪ ও আফগানিস্তানের ২। কুশল মেন্ডিস ৫২ বলে ৭৪ রানের হার না মানা ইনিংস খেলে লংকানদের জেতান। এছাড়া কুশল পেরেরা ২০ বলে ২৮ ও কামিন্দু মেন্ডিস ১৩ বলে ২৬ রান করেন।

এর আগে নবির ব্যাটিং ভয় পাইয়ে দেয় শ্রীলংকা ও বাংলাদেশকে। ভেলালাগের প্রথম তিন বলে টানা ছক্কা মারা পর চতুর্থ বলটি ‘নো’ হয়। এরপর চতুর্থ ও পঞ্চম বলেও ছক্কা মারেন নবি। যদিও ষষ্ঠ বলটিতে তিনি ছক্কা মারতে ব্যর্থ হন এবং দুই রান নিতে গিয়ে রানআউটের শিকার হন। এক ওভারে ছয় ছক্কা মারার সুযোগ হাত ছাড়া করলেও দলকে ঠিকই কর্তৃত্বের আসনে বসিয়েছেন ৪০ বছর বয়সী নবি। ২০ বলে ফিফটি পূর্ণ করা এ ডানহাতি ব্যাটার ২২ বলে ৬০ রান করেন ৩ বাউন্ডারি ও ৬ ছক্কায়। এছাড়া রশিদ খান ২৩ বলে ২৪ ও ইব্রাহিম জাদরান ২৭ বলে ২৪ রান করেন। শুরুর দিকে ওপেনার সেদিকুল্লাহ আতাল ১৪ বলে ১৮ ও রহমানুল্লাহ গুরবাজ ৮ বলে ১৪ রান করেন। শ্রীলংকার পেস বোলার নুয়ান তুষারা ১৮ রানে ৪ উইকেট নেন।

এর আগে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে ভারত ও পাকিস্তান।