খুলনা টাইগার্সকে ৬৫ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। অপর দিকে এই হারে খুলনার ভাগ্য ঝুলে রইল সুতোয়।

আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মঈন আলী ও লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে কুমিল্লা। জবাব মুস্তাফিজ-আবু হায়দারদের বোলিং তোপে ১৯.৩ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় খুলনা টাইগার্স।

১৮৯ রানের বিশাল লক্ষ্যে ব্যাট কতে নেমে খুলনার কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ২৬ রান আসে থিসারা পেরেরার ব্যাট থেকে। এছাড়া সৌম্য সরকার ২২, আন্দ্রে ফ্লেচার ১৬, ইয়াসির আলী ১৮ ও শেখ মাহেদী হাসান ১১ রান করেন।

কুমিল্লার বোলারদের মধ্যে পেসার আবু হায়দার রনি ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া মুস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম ও মঈন আলী ২টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। আগে ব্যাটিং পেয়ে সুযোগ ভালোভাবে কাজে লাগিয়েছেন কুমিল্লার ব্যাটাররা। ১৮৮ রানের চাপায় পিষ্ট করেছেন খুলনাকে। ওপেনার লিটন দাস খেলেন ১৭ বলে ৪১ রানের দারুণ এক ঝড়ো  ইনিংস। ৪টি চার ও ৩টি ছক্কায় সাজিয়েছেন ইনিংসটি। ৩৬ বলে ৩৮ রান করেন ফাফ ডু প্লেসিস। শেষ দিকে নেমে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ঝরালেন ছক্কা বৃষ্টি। মাত্র ৩৫ বল মোকাবেলায় করেছেন ৭৫ রান। ইনিংসটিতে ছিল একটি চার ও ৯টি ছক্কা। ম্যাচ সেরাও হয়েছেন বাংলাদেশের জামাই মঈন। খুলনার হয়ে দুটি উইকেট নেন থিসারা।