কিলিয়ান এমবাপ্পের সঙ্গে কথা বলতে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ক্লাবের অনুমতি পেয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। খবর বিবিসি।

 

২৪ বছর বয়সী ফ্রান্স অধিনায়কের চুক্তির মেয়াদ এক বছর বাকি। যদিও তিনি চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন, তাই ক্লাবের প্রাক-মৌসুম ট্যুর তাকে রাখা হয়নি।

 

পরের গ্রীষ্মে বিনা ফিতে বিক্রির ভয়ে পিএসজি এখনই এমবাপ্পেকে বিক্রি করতে মরিয়া।

 

এই খবরে আশাবাদী হয়ে আল হিলাল তাকে ৩০ কোটি ইউরোয় কেনার আগ্রহ দেখিয়েছে। খেলোয়াড়টিকে রাজি করাতে পারলেই ক্লাবটিকে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে তারা। উল্লেখ্য, আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে দলে টানতে ব্যর্থ হয়ে এখন এমবাপ্পের পিছু ছুটছে আল হিলাল। মেসি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে।

 

এমবাপ্পেকে নিয়ে ঘটনাপ্রবাহ

মে ২০২২: রিয়াল মাদ্রিদে নাম লেখানোর সিদ্ধান্ত পাল্টে পিএসজির সঙ্গে দুই বছরের আকর্ষণীয় বেতনে চুক্তি করেন, সঙ্গে আরো এক বছর বাড়িয়ে নেয়ার অপশন।

 

ডিসেম্বর ২০২২: বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেন, যদিও পেনাল্টিতে আর্জেন্টিনার কাছে হেরে যায় ফ্রান্স।

 

মার্চ ২০২৩: উগো লরিস অবসর নেয়ায় ফ্রান্স জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পান।

 

এপ্রিল ২০২৩: ক্যারিয়ারের ষষ্ঠ ও পিএসজির হয়ে লিগ ওয়ান শিরোপা জয় করেন।

 

১৩ জুন ২০২৩: এমবাপ্পে টুইট করেন, তিনি এখন পিএসজিতে থাকছেন, তবে ২০২৪ সালের পর চুক্তি নবায়ন করবেন না।

 

৫ জুলাই ২০২৩: পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি বলেন, থাকতে চাইলে অবশ্যই নতুন চুক্তি করতে হবে।

 

৯ জুলাই ২০২৩: ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, পিএসজি একটি বিভাজন সৃষ্টিকারী ক্লাব।

 

২১ জুলাই ২০২৩: জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রাক-মৌসুম ট্যুরের স্কোয়াড থেকে বাদ দেয়া হয় এমবাপ্পেকে।

 

২২ জুলাই ২০২৩: এমবাপ্পেকে প্রাক-মৌসুম ট্যুরে না রেখে ‘মানসিকভাবে হয়রানি’ করার অভিযোগে পিএসজির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয় ফরাসি ফুটবল ইউনিয়ন।

 

২৪ জুলাই ২০২৩: সৌদি আরবের ক্লাব আল হিলাল এমবাপ্পেকে কিনতে ৩০ কোটি ইউরোর (২৫ কোটি ৯০ লাখ পাউন্ড) প্রস্তাব দেয়ার প্রস্তুতির কথা জানায়।