উয়েফা চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ সদ্যই প্লে-অফ রাউন্ড থেকে বিদায় করে দেয় ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে। এবার আরেক শক্ত হার্ডল তাদের সামনে। শেষ ষোলোয় লস ব্লাঙ্কোসরা খেলবে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। এছাড়া ইংলিশ পরাশক্তি লিভারপুলের প্রতিপক্ষ ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শুক্রবার ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়।
শুধু মাদ্রিদ ডার্বিই নয়, অল-জার্মান লড়াই হবে বায়ার্ন মিউনিখ ও বেয়ার লেভারকুসেনের মধ্যে। এছাড়া স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগালের বেনফিফাকে, লন্ডনের দল আর্সেনাল খেলবে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোফেনের বিপক্ষে, জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড খেলবে ফ্রান্সের লিলের বিপক্ষে, ইতালির ইন্টার মিলানের প্রতিপক্ষ নেদারল্যান্ডসের ফেইনুর্ড আর বেলজিয়ামের ক্লাব ব্রুজ খেলবে ইংল্যান্ডের অ্যাস্টন ভিলার সঙ্গে।
শেষ ষোলোর প্লে-অফে ম্যানসিটিকে প্রথম লেগে ৩-২ গোলে ও ঘরের মাঠে দ্বিতীয় লেগে ৩-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। তিনি সিটিকে হারানোর পর বলছিলেন, ভ্রমণজনিত ঝক্কি এড়াতে শেষ ষোলোয় মাদ্রিদ জায়ান্ট অ্যাটলেটিকোকে প্রতিপক্ষ হিসেবে চান। তার সেই চাওয়া পূরণ হয়েছে। অন্তত শেষ ষোলোয় তাদের স্পেনের বাইরে যেতে হচ্ছে না।
অ্যাটলেটিকো মাদ্রিদকে ২০১৪ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারানোর কৃতিত্ব দেখায় রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালের লিসবন ফাইনালে ৪-১ গোলে ও ২০১৬ সালের মিলান ফাইনালে টাইব্রেকারে ৫-৩ গোলে নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়েছিল লস ব্লাঙ্কোসরা। আরেকবার ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় নকআউট পর্বে মুখোমুখি হবে স্পেনের দুই পরাশক্তি। পুরনো ফরম্যাটে শেষ ষোলোয় একই দেশের দুই দল খেলতে পারত না। যদিও এখন টেনিসের মতো ‘বাছাই’ ‘অবাছাই’ দল আলাদা করায় ডার্বির সুযোগ তৈরি হয়েছে।
অ্যাটলেটিকোকে মিলানে হারানোর পর আরো চারবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। কার্লো অ্যানচেলত্তির দল সর্বশেষ লন্ডনের ওয়েম্বলি ফাইনালে জার্মান দল বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে ১৫তম শিরোপা ঘরে তোলে। এবার ১৬তম শিরোপার মিশনে খেলছে অ্যানচেলত্তির শিষ্যরা। এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহ্যামদের নিয়ে গড়া দলটি এবারো ফেভারিট।
এদিকে ২০১৮-১৯ মৌসুমের পর প্রথমবারের মতো পিএসজির মুখোমুখি হবে লিভারপুল। ওই মৌসুমে ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান মুকুট জিতেছিল অল রেডরা। যদিও কখনই চ্যাম্পিয়নস লিগ কিংবা ইউরোপের কোনো প্রতিযোগিতায় নকআউট ম্যাচে মুখোমুখি হয়নি এই দুটি দল।
প্রিমিয়ার লিগ লিডার ও ফরাসি চ্যাম্পিয়নদের লড়াই জমে ওঠার দাবি রাখে। পিএসজি শেষ মুহূর্তের নাটকীয়তায় ১৫তম হয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে। আর্সেনালের কাছে হারের পর সিটিকে হারিয়ে তারা স্বদেশী ব্রেস্তের সঙ্গে প্লে-অফ খেলেছে। প্লে-অফে ব্রেস্তকে ১০-০ গোলে গুঁড়িয়ে শেষ ষোলোর টিকিট কাটে লুই এনরিকের দল।
পিএসজি-লিভারপুল লড়াইয়ের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাবে। তাদের সামনে পড়বে ক্লাব ব্রুজ ও অ্যাস্টন ভিলা ম্যাচের বিজয়ী। আইন্দহোফেনকে হারাতে পারলে আর্সেনাল সামনে পড়বে রিয়াল মাদ্রিদ কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদের।
শেষ ষোলোর দুই লেগ যথাক্রমে ৪-৫ মার্চ ও ১১-১২ মার্চ অনুষ্ঠিত হবে।










